নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলার ধানের চাতালে সাজিয়ে রাখা বস্তা চাপা পড়ে পারভেজ আলী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নওহাটা কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ আলী (১০) ওই চাতালের শ্রমিক ডালিম হোসেনের ছেলে। ওই চাতালের মালিক হলেন মাইনুল ইসলাম।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, মাইনুল ইসলামের ধানের চাতালে এই ঘটনা ঘটে। শিশু পারভেজ আলীর বাবা ডালিম হোসেন পুলিশকে জানায় গোসলের উদ্দেশে চৌবাচ্চায় নেমেছিলো তার ছেলে। কিন্তু চাতালের ধান সেদ্ধ করার চৌবাচ্চায় ধান নামাতে গিয়ে অসাবধানতাবশত কয়েকটি বস্তা পড়ে যায়। এতে বস্তার নীচে চাপা পড়ে শিশুটি।
তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শরীফুল ইসলাম বলেন, ঘটনাটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। নিহত শিশুর মরদেহের ময়নাতদন্ত করা হবে। তবে আপাতত এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও তিনি জানান।
স/অ










