নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিদেশী অস্ত্রসহ এক অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যাক্তিকে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর থানার তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত হলো, নাটোরের সদর থানার নান্নুর মোড় (তালতলা হাফরাস্তা) এলাকার আবুল হোসেনের ছেলে অপহরণকারী চক্রের সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী সাদিকুর রহমান লিটন (৩৮)।
অপহৃত ব্যাক্তি হলেন, সদর থানার কালুর মোড় এলাকার আঃ হালিম হাওলাদারের ছেলে আশরাফুল ইসলাম ওরফে আসাদ (৪২)।

র্যাব জানায়, গত ২ অক্টোবর গ্রেফতারকৃত আসামী লিটনসহ তার অন্যান্য সহযোগীরা ভিকটিম আশরাফুলের নিকট ২৫ লাখটাকা চাঁদা দাবী করে। আশরাফুল চাঁদা দিতে অস্বীকার করায় লিটন আশরাফুলকে বিভিন্ন সময় ফোনের মাধ্যমে হুমকি দিতে থাকে। পরবর্তীতে ১৮ অক্টোবর আনুমানিক সাতটার দিকে আশরাফুলকে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রের মুখে জিম্মি করে নাটোর জেলার সদর থানার তালতলা হাফরাস্তা সংলগ্ন নান্নুর মোড় এম আর সি ব্রিকস ফিল্ডে বন্দী করে রাখে। এরপর তারা আশরাফুলের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিতে থাকে।
ঘটনার পরপরই আশরাফুলের পরিবার র্যাব-৫, রাজশাহীতে একটি অভিযোগ দাখিল করে। সে অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। সেখানে অপহরণকারী লিটনকে ১টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি ক্রিজ,২টি জিআই পাইপ, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল সেটসহ গ্রেফতার করে। সেই সাথে তার হেফাজতে থাকা অপহৃত আশরাফুলকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
স/শ










