নিজস্ব প্রতিবেদক:
সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর সহযোগিতায় এবং প্রিপ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার সকল নির্বাচিত নারী প্রতিনিধি ও সম্ভাব্য নারী নেত্রীদের দুইদিন ব্যাপি নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। প্রশিক্ষণটি অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়।
নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও সম্ভাব্য নারী নেত্রীদের নেতৃত্ব বিকাশ, স্থানীয় পর্যায়ে দরিদ্র নারী ও শিশুদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতার মান উন্নয়ন, স্থানীয় সরকারের কার্যক্রম ও কার্যকরী যোগাযোগ বিষয়ে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলে প্রিপ ট্রাস্টের আঞ্চলিক ব্যবস্থাপক সাঈদুজ্জামান সিপন জানান।

প্রশিক্ষণে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে করণীয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ইউনিয়ন পরিষদ আইন, জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য, স্ট্যাডিং কমিটি, উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন ও কার্যক্রম ও বিভিন্ন সরকারী দপ্তরের সেবাসমূহ সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আয়োজক সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক সাঈদুজ্জামান সিপন ও প্রোগ্রাম অফিসার ফরিদ আহমেদ। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য ও কাঁকনহাট পৌরসভার কাউন্সিলর ওয়াহেদা সুলতানা লাবনী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসুস এর সমন্বয়কারী ফজলুল করিম বাবলু, ইউপি নির্বাচিত নারী সদস্য গোলেনুর বেগম, চন্দনা রানী ও লুৎফুন্নেচ্ছা বেগম। প্রশিক্ষণে গোদাগাড়ী উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নির্বাচিত নারী প্রতিনিধিসহ মোট পঁচিশ জন নারী অংশগ্রহণ করেন।
স/আর










