নিজস্ব প্রতিবেদক:
অন্ধকারেই রয়েছে রাজশাহী বেতারের অন্তত ২০টি ট্রান্সফরাম চুরির ঘটনার তদন্তকাজ। ঘটনার পরে একটি বছর গড়িয়ে গেলেও আজও ওই তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, রাজশাহী বেতারের উর্ধতন কয়েকজন কর্তৃপক্ষের ইশারায় এবং গুদামরক্ষকের সহযোগিতায় ট্রান্সফরমারগুলো চুরি হয়েছে। সে কারণে এখনো বিষয়টি তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে বেতারে কর্মরত কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
এদিকে আজ সোমবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজশাহী বেতার পরিদর্শনে আসার কথা রয়েছে। আর তার কাছে বিষয়টি তুলে ধরে ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবিও জানাবেন বেতারের কর্মকর্তা-কর্মচারীরা। তবে বিষয়টি এখনো ধামা-চাপা দিতে তৎপরতা চালাচ্ছেন রাজশাহী বেতারের উর্ধতন একাধিক কর্মকর্তা। এমনকি বিষয়টি তথ্যমন্ত্রীর কান পর্যন্ত যেন না পৌঁছে সে জন্য ব্যাপক চেষ্টাও চালানো হচ্ছে-এমনটিই নিশ্চিত করেছেন বেতারের একাধিক কর্মকর্তা-কর্মচারী।
সূত্র মতে, বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আওতায় নগরীর মতিহারে বিশাল এলাকজুড়ে প্রেরণকেন্দ্র রয়েছে। এ প্রেরণকেন্দ্রের মধ্যে অবস্থিত গুদামে রাজশাহী বেতারের মূল্যবান ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রপাতি রাখা আছে। কিন্তু গত বছরের জুলাই-আগস্ট মাসের দিকে সেখান থেকে অন্তত ২০টি ট্রান্সফরমার সিলগালা করা কক্ষের দরজার হ্যাসবল খুলে চুরি হয়ে যায়।
এছাড়াও গুদামে রাখা লোহার এ্যাঙ্গেল, লেজার বুক, রেজিস্টার বুক, তামার তারসহ আরো কিছু মূল্যবান জিনিসপত্রও চুরি হয়। পরে গত বছরের ২ আগস্ট গুদামের রং-এর কাজ করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।
অভিযোগ রয়েছে, সিলগালা ওই গুদাম ঘর থেকে (স্টোর) ট্রান্সফরমারগুলোর চুরির পেছনে অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন একজন স্টোররক্ষক এবং তৎকালীন উর্ধতন এক কর্মকর্তা। এই দুই কর্মকর্তা-কর্মচারীর ইন্ধনেই মূল্যবান ট্রান্সফরামগুলো চুরি করে গোপনে বেসরকারী রেডিও’র মালিকদের কাছে সেগুলো বিক্রি করা হয়।
অভিযোগ রয়েছে, ২০১১, ১২ এবং ১৩ সালেও রাজশাহী বেতারের সম্প্রচারকেন্দ্র থেকে মূল্যবান অনেক জিনিসপত্র চুরি হয়ে যায়। ওইসময় বিষয়টি তদন্ত করে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে শাস্তিমূলক বদলি করাসহ বিভাগীয় মামলাও দায়ের করা হয় ওইসময়। কিন্তু আড়ালেই থেকে যায় আরো কয়েকজন মূলহোতা। যারাই সর্বশেষ গত বছরের সংঘটিত চুরির পেছনে বড় ধরনের ভূমিকা রাখেন বলেও অভিযোগ করেছেন বেতারের একাধিক সূত্র।
১০ কিলোয়াট এএম-এর একটি ট্রান্সফরমারের জন্য একজন টেকনিশিয়ানকে দায়িত্ব দেওয়া হয়। সেই হিসেবে ২০টি ট্রান্সফরমারের জন্য অন্তত ১৫ জনকে দায়িত্ব দেওয়ার নিয়ম ছিল। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করে মাসুম কবির নামের মাত্র একজন টেকনিশিয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই সময়। আর তাঁকে রাতের বেলা বার বার দায়িত্ব দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন সে সময়ের উপ-আঞ্চলিক প্রকৌশলী আব্দুল মান্নান। তাঁর ইন্ধনেই মাসুমকে বারবার রাতের বেলা দায়িত্ব দেওয়া হতো ট্রান্সফরামেরর আর সেই সুযোগেই প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ট্রান্সফরমারগুলো চুরির ঘটে।
তারা আরো জানান, চুরির এই বিষয়টি ধরা পড়ার পরে ওই সময়ে বাংলাদেশ বেতার থেকে সহকারী বেতার প্রকৌশলী কল্যাণ কুমারকে তদন্তভার দেওয়া হয়। কিন্তু আজ অবধি ওই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। ফলে এখনো চুরির সঙ্গে জড়িতরা রয়েছে বহাল তবিয়তে। কারো বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানতে চাইলে সহকারী বেতার প্রকৌশলী কল্যাণ কুমার বলেন, ‘ওই সময় শুধু স্টোরের দরজাটির হ্যাসবল (হুক) ভাঙা ছিল কিনা শুধুমাত্র সেটিই আমাকে তদন্ত করতে বলা হয়েছিল। আমি গিয়ে হ্যাসবল ভাঙা দেখেছি। তবে স্টোরের ভিতরে ঢুকার আমাকে অনুমতি দেওয়া হয়নি। ফলে সেখান থেকে কি চুরি হয়েছে- সেটি আমি বলতে পারবো না। তবে স্টোরের ভিতরে প্রবেশ করে লেজার বুক দেখলে হয়তো বলা যেত কতটি ট্রান্সফরাম বা অন্যসব যন্ত্রপাতি চুরি হয়েছে কিনা।’
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রাজশাহী বতারের বর্তমান আঞ্চলিক পরিচালক আবু মাসুদ বলেন, ‘আমি ঢাকায় আছি, তবে ওই সময় আমি ছিলাম না কাজেই বিষয়টি আমার জানাও নেই।’
স/আর










