সদ্য প্রকাশিত
রাজনীতি

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক২৬ জুন ২০১৮২ মিনিট পড়া
গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ৫৭টি ওয়ার্ডের ভোটগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সমন্বয়াকারী তারেক আহম্মেদ জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলবে। জিসিসির ৫৭টি ওয়ার্ডে ৪২৫টি ভোটকেন্দ্রে ২ হাজার ৭৬১টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৫৭টি ভোট কেন্দ্রের মধ্যে ছয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু করা হয়েছে। ওই ছয়টি কেন্দ্রগুলো- চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২, রানি বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও রানি বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২।

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তায় রয়েছে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করার জন্য রয়েছেন ম্যাজিস্ট্রেট। এটি হচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন।

এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জিসিসির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন।