নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় অবস্থিত দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে গিয়ে দেখা গেল শতাধিক গাভী গরু খামারের মধ্যে শুয়ে-দাঁড়িয়ে আছে। খামারের রাখা খাবার পাত্রটি ফাঁকা পড়ে আছে। পানিগুলো ময়লাযুক্ত। দুর্গন্ধ ছড়াচ্ছে।
গরুগুলো খাবার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে। কিন্তু খাবার তাদের দেওয়া হচ্ছে না। কারণ সকাল আটটার দিকে কিছুটা খাবার তাদের দেওয়া হয়েছে। তাই দিনে আর খাবার পড়বে না তাদের পেটে। আবার খাবার দেওয়া হবে বিকেলে। এই পর্যন্ত খাবারের জন্য অপেক্ষা করেই কাটাতে হবে গরুগুলো। গরু তো নয়, যেন একেকটি হাড্ডিসার কোনো প্রাণী। ধাক্কা দিলেই যেন পড়ে মাটিতে লুটোপুটি খাবে।
গরুগুলোর এমন দশা সম্পর্কে জানতে চাইলে খামারের একজন কর্মচারী বলেন, ‘এইভাবে বেঁচে আছে, তাও ভালো। যে পরিমাণ খাবার দেওয়া হয়, তাতে গরুগুলোর পেটের একটি অংশও ভরে না। ফলে দিনভর অর্ধহারেই কাটাতে হয় গরুগুলো। এ কারণেই গরুগুলো শুধু লম্বা হয়েই গেছে। শরীরে কোনো মাংস নাই। গোটা গায়ে হাড্ডি আর হাড্ডি।’

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজশাহী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের চারিদিকে বিপুল পরিমাণ আবাদি জমি রয়েছে। এসব জমিতে ঘাসচাষও করা হয়েছে গরুর জন্য। আবার খামারের উত্তর পাশে নিজস্ব জমিতেও রয়েছে প্রচুর ঘাস। কিন্তু গরুগুলোর ঠিকমতো পরিচর্যা ও খাবার দেওয়া হয় না। এতে করে এই খামারটিতে যেসব গরু আছে, সবগুলোই হাড্ডিসার অবস্থা। কোনো গরুই মোটা-তাজা নয়। অথচ যেসব উন্নত জাতের গরু এখানে পালন করা হয়, সেই জাতের গরু পালন করেই বাইরের খামারিরা লাভের মুখ দেখছেন। সেখানে বছরের পর বছর জুড়ে কোটি কোটি টাকা লোকসান গুনছে সরকারি এই খামারটি।
অনুসন্ধানে জানা গেছে, প্রত্যেকটি গরুর পেছনে দিনে ১০ কেজি করে খাবার বরাদ্দ রয়েছে। নিয়োগপ্রাপ্ত ঠিকাদারের মাধ্যমে খামারের কর্মচারীরা এসব খাবার গরুগুলো সরবরাহ করবে। এর মধ্যে ৫ কেজি ঘাস এবং ৫ কেজি দানাদার খাবার। কিন্তু প্রতিটি গরুকে দিনে ৫ কেজি খাবারও দেওয়া হয় না। ফলে গরুগুলোর পেটের দিতে তাকালে মনে হয় দূর্ভিক্ষপ্রবন এলাকায় বেড়ে উঠছে তারা।
দূর্ভিক্ষপ্রবন এলাকার মানুষগুলো যেমন হাড্ডিসার কঙ্কালের মতো দেখতে হয়, ঠিক রাজশাহীর দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের গরুগুলোর একই অবস্থায় পরিণত হয়েছে। এতে করে ছোট বাছুর জাতের গরুগুলো পুষ্টিহীনতায় ভূগছে। আবার গাভীগুলোও ঠিকমতো দুধ দিতে পারছে না। ষাঁড় জাতের গরুগুলো শুধু লম্বা হয়ে আছে। শরীরে মাংস নাই।
দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার থেকে পাওয়া সূত্র মতে, ২২৯ একর জায়গাজুড়ে গড়ে তোলা এই খামারে বর্তমানে গরু রয়েছে ৩৭৯টি। এর মধ্যে দুধ প্রদানকারী গরু আছে ৫১টি, বাছুর রয়েছে ২৩১টি, ষাঁড় রয়েছে ৩৪টি, নতুন গরু রয়েছে ১১টি এবং অন্যান্য রয়েছে ৫২টি। এসব গরু দেখা-শোনার জন্য খামারে মোট কর্মকর্তা-কর্মচারী রয়েছে ৭৯ জন। এর মধ্যে স্থায়ী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৪৮ জন এবং অস্থায়ী (দৈনিক মজুরী ভিত্তিক) কর্মচারী আছেন ৩১ জন।
এসব কর্মকর্তা-কর্মচারীদের পেছনে বিপুল অংকের টাকা খরচ করতে হয় সরকারকে; কিন্তু তার পরেও বছরের পর বছরজুড়ে খামারটি কোটি কোটি টাকা টাকা লোকসান গুনছে। চলতি বছরেও অন্তত তিন কোটি টাকা লোকসান গুনতে হবে এই খামার থেকে। অথচ গরু পালন করে দেশের সাধারণ খামারিরা কোনো প্রশিক্ষণ বা সরকারি কোনো সুযোগ-সুবিধা ছাড়ায় সাবলম্বি এবং লাভবান হচ্ছেন। সেখানে সরকারি এ খামারটি লোকসান গুনেই চলেছে।
চলতি বছরেও এ খামারে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার ৭৩৪ টাকা। সেখানে খামার থেকে আয় হয়েছে মাত্র এক কোটি ১৫ লাখ ১৯ ৫৪০ টাকা।
একটি সূত্র নিশ্চিত করেছে, এই খামারের জন্য দৈনিক মজুরী ভিত্তিক ৩১ জন কর্মচারী আছে। যাদের বেতন দেওয়া হয় ৪৫০ টাকা করে। এখানেও প্রতিদিন ৩১ জন কর্মচারীকে ব্যবহার না করে সরকারি অর্থ নয়-ছয় করা হয়। ফলে খামারের সঠিক পরিচর্যা হয় না। অথচ প্রতিদিন সরকারকে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে ৩১ জন কর্মচারীর পেছনে।
খামারের পাশের বাসিন্দা লোকমান আলী বলছিলেন, এই খামারের গরুগুলোর পরিচর্যার অভাবে একেকটি দুগ্ধজাতের গরু থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন লিটার দুধ পাওয়া যায়। অথচ বাইরে একই জাতের গরু থেকে অন্তত ৮ কেজি দুধ পাওয়া যায় প্রতিদিন। সেই হিসেবে প্রতিটি গরু থেকেই অন্তত কেজি হারে দুধ কম পাওয়া যাচ্ছে।
আবার এ খামারের একটি পূণাঙ্গ ষাঁড় জাতের গরুর সর্বোচ্চ নিলাম হয় ৫০-৬০ হাজার টাকা। কিন্তু একই জাতের ষাঁড় জাতের গরু পালন করে বাইরের খামারিরা দাম পান নব্বই থেকে দেড় লাখ টাকা বা তার চেয়েও বেশি দাম। সেই হিসেবে ষাঁড় জাতের গরু থেকেও বছরের পর বছরজুড়ে লোকসান গুনতে হচ্ছে।
এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে, অব্যাহত লোকসানের কারণে ব্যাক ক্ষোভ বিরাজ করছে পশু সম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মাঝে। দেশের সাধারণ খামারিরা যেখানে গরু পালন করে লাভবনা হচ্ছেন, সেখানে রাজশাহীর সরকারি খামারে বছরে কোটি কোটি লোকসান গুনতে হচ্ছে। এই অবস্থায় খামারটি কিভাবে লাভজনক করা যায়, বা বেসরকারীকরণ খাতে ছেড়ে দেওয়া যায় কিনা-তা নিয়ে এরই মধ্যে একটি দল খামার পরিদর্শন করে গেছেন। তাঁদের দাখিলকৃত প্রতিবেদনের ভিত্তিকে পরবর্তিতে এই খামার নিয়ে সরকার চূড়ান্ত ব্যবস্থা নিবে বলেও জানা গেছে।
স্থানীয় আরেক বাসিন্দা আবু সাইদ বলেন, ‘রাজাবাড়ির এই খামারটিতে অনিয়মের শেষ নাই। গরুর খাবার চুরি থেকে শুরু করে নানা খাতে লাখ লাখ টাকা ব্যয় দেখানো হলেও গরুগুলোর প্রতি কোনো যতœ নেওয়া হয় না। এতে করেই এই খামারটি দিনের পর দিন লোকসান গুনছে।’
আরেক বাসিন্দা মুনসুর আলী বলেন, ‘এই খামারের অনিয়ম-দুর্নীতি নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে এলাকাবাসী বিক্ষোভ করেছেন; কিন্তু খামার নিয়ে কোনো সুষ্ঠ পরিকল্পনা দেখা যায়নি। ফলে লোকসানের হাত থেকেও খামারটিকে উদ্ধার করা যায়নি। আবার গরুগুলোও জীর্ণ-শীর্ণ দশায় কোনো মতে বেড়ে উঠে। গরুগুলোর এমন অবস্থা দেখে এলাকাবাসী মাঝে মাঝে ক্ষুব্ধ হয়ে ওঠেন। খামার পরিদর্শনে এলে এলাকাবাসীর পক্ষ থেকে মন্ত্রী এবং সচিবসহ বিভিন্ন কর্মকর্তার কাছে অভিযোগও করা হয়; কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো যে কার সেই অবস্থায় থেকে যায়।’
এসব নিয়ে জানতে চাইলে রাজশাহী দুগ্ধ ও গবাদি পশু খামারের ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম বলেন, ‘এই খামারে লোকসান কেন হচ্ছে-সেটা নিয়ে আমরা কাজ করছি। এখান থেকে লাভ করার সুযোগ আছে; কিন্তু কেন বছরের পর বছলজুড়ে লোকসান হচ্ছে-সেটা আমরা ভেবে পাচ্ছি না। তবে খামারের কোনো অনিয়ম-দুর্নীতি নাই। গরুর খাবারও ঠিকমতো দেওয়া হয়।’
তিনি আরও বলেন, খামারের উন্নয়নে কিছু পরিকল্পনা আমরা নিয়েছি। এগুলো কাজে লাগাতে পারলে উন্নয়ন বা লাভবান হওয়া যাবে আশা করি। এরই মধ্যে খামার পরিদর্শনও করে গেছেন মন্ত্রণালয়ের একটি উচ্চতর দল। তারাও হয়তো এ নিয়ে প্রতিবেদন দিবেন। আশা করি দ্রুতই খামারটি লাভের মুখ দেখবে।’#










