আত্রাাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার জগদাশ এলাকায় অটো রিক্সার চাকার নিচে চাপা পড়ে মোঃ রিফাত সরদার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার জগদাশ বাজার সংলগ্ন আত্রাই-সিংড়া রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রিফাত সরদার উপজেলার জগদাশ গ্রামের মোঃ শহিদ সরদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন জানান, বুধবার বেলা ১২টার দিকে বাড়ি সংলগ্ন জগদাশ বাজার এলাকায় আত্রাই-সিংড়া সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু রিফাত।

এসময় একটি অটো ভ্যান সিংড়ার দিক থেকে আত্রাই অভিমুখে আসার সময় জগদাশ বাজার নামক স্থানে তাকে চাপা দেয়। পরে সাথে সাথে স্থানীয়রা রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স/আ










