সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুবক-যুবতীদের বুকে আছে চাপাকান্না, সামর্থ্য ও যোগ্যতা থাকা সত্ত্বেও আর্সেনিকের কারণে তাদের বিয়ে হয় না। অন্য গ্রামের কোনো ছেলে-মেয়ে ওই গ্রামে বিয়ে করতে চায় না শুধুমাত্র আর্সেনিক আতঙ্কে।
বিশুদ্ধ পানির জন্য যেখানে টিউবওয়েল দরকার সেখানে টিউবওয়েল নেই। বছরে দুইবার আর্সেনিক পরীক্ষার প্রয়োজন থাকলেও গত ৭ বছরে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলেই পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে আর্সেনিকের ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করেছে। ওই গ্রামে গত ১০ বছরে আর্সেনিকে আক্রান্ত হয়ে ১১৫ জন মৃত্যুবরণ করেছেন। আর আর্সেনিকে আক্রান্ত রোগী রয়েছেন ৩৫০ জন। এখন বিশেষ করে যুবতী মেয়েরা অনেকেই বলতে চান না, কে আর্সেনিক রোগী? সংবাদকর্মী পরিচয় দিলে শুনতে হয়, আমাদের বাড়িতে আর্সেনিকের কোনো রোগী নেই। কেউ ক্যামেরার সামনেও আসতে চান না।
ঈশ্বরদী জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, উপজেলা স্বাস্থ্য কমপেক্স এবং বেসরকারি সংস্থা নিউ এরা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর, নলগাড়ি, চররূপপুর, নদীপাড়া, বিবিসি বাজারপাড়া, খান পাড়া, বাদুরপাড়া, সরদার পাড়া, বিশ্বাস পাড়া, মহাবুল মেম্বরের পাড়াসহ বিভিন্ন গ্রামে আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। মাঝে মধ্যে আর্সেনিকে আক্রান্তরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আর্সেনিক হতে বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে।
আর্সেনিকে আক্রান্ত রোগী রয়েছেন ৩৫০ জন। অথচ ঈশ্বরদীতে এই রোগের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই।

পাকশী ইউনিয়ন পরিষদের তথ্য মতে, শুধুমাত্র রূপপুর গ্রামে গত ১০ বছরে আর্সেনিকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১১৫ জন। গত ১ বছরে রূপপুর নলগাড়ি গ্রামে আতিয়ার খান (৫৫), মাহাবুল (৪৭), রইচ (৪৫), সাহাবুল (৪০), মমি (৫০), সুজন (২৫) ও বাবু (৪৫) আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া ইতিপূর্বে আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হয়ে রূপপুরের নলগাড়ী গ্রামের একটি বাড়িতেই মারা গেছেন ওই বাড়ির ১১ সদস্য।
ঢাকা কমিউনিটি ক্লিনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারী জিকরুল ইসলাম প্রিন্স বলেন, প্রথমদিকে তারা এ রোগ সম্পর্কে জানতেন না। প্রথমে শরীরে কালো তিলের মতো দাগ হতো। এরপর ধীরে ধীরে বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ত। একসময় অনিবার্য মৃত্যু।
গত রবিবার রূপপুর নলগাড়ি গ্রামে সরেজমিনে গেলে আর্সেনিকে আক্রান্ত ওই গ্রামরে বাসিন্দা লিলি বেগম (৪৫) বলেন, আর্সেনিকের নানা রোগে তার পরিবারের আছের উদ্দিন মালিথা (৫৫), বাবু মালিথা (৩৫), রহিম মালিথাকে (২১) হারিয়েছেন। বাধ্য হয়ে লাল দাগ দেওয়া টিউবওয়েলের পান করছেন। একই গ্রামের সীমা খাতুন (৩৫) জানান, আর্সেনিকে আক্রান্ত হয়ে তার শ্বশুর, শ্বাশুড়ি ও ভাসুর ইতিমধ্যে মারা গেছেন। যে বাড়িতে কোনো রোগী নাই, সেখানে নতুন টিউবওয়ল দেওয়া হয়। আর যে বাড়িতে রোগী আছে সে বাড়িতে দেওয়া হয় না।
আর্সেনিকের কারণে লালু প্রামানিকের (৪০) দুই হাত-পা ও সারা শরীরে ক্ষত সৃষ্টি হয়েছে। শরীরের বিভিন্ন অংশ শ্বেতী রোগের মতো সাদা ছোপ ছোপ দাগ হয়ে গেছে। তিনি জানান, এ রোগের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, তাই আল্লাহর ওপর ভরসা করে বেঁচে আছি, যেদিন মরণ হয় হবে।
আর্সেনিকোসিসে আক্রান্ত শাহনাজ পারভিন (৪৫) জানান, প্রথম দিকে আমরা জানতাম না যে পানি পান করলে আর্সেনিক রোগ হয়। এ ছাড়া এটা আর্সেনিক রোগ তাও আমরা জানতে পারিনি। এই রোগে আমাদের গ্রামের অনেক মানুষ মারা গেছে। কয়েক বছর আগে ঢাকা থেকে একদল ভদ্রলোক এসে পানি পরীক্ষা করে প্রথম আমাদের জানালেন, এটা আর্সেনিক রোগ। আর্সেনিকযুক্ত পানি পান করার ফলে এই রোগ ছড়িয়ে পড়ছে।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুল ইসলাম জানান, পাকশী ইউনিয়নের বৃহত্তর রূপপুর গ্রামে আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। গোটা এলাকাতে আর্সেনিক মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আর্সেনিকে আক্রান্ত হয়ে এই এলাকার প্রচুর মানুষ অকালে প্রাণ হারিয়েছে। আর্সেনিকে আক্রান্ত হয়ে বর্তমানে এই এলাকার অন্তত ১০/১২ জন মৃত্যুর প্রহর গুনছেন।
এদিকে এলাকাবাসী জানান, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো সহযোগিতা পায়নি এই এলাকার মানুষ।
পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস জানান, বাংলাদেশে আর্সেনিক আক্রান্ত এলাকার মধ্যে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামকে শীর্ষস্থানীয় এলাকা বলে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে শুধু রূপপুর গ্রামেই গত ১০ বছরে ১১৫ জনের মৃত্যু হয়েছে এই রোগে। এলাকায় আর্সেনিকের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। অথচ সরকারি-বেসরকারি কোনোভাবেই এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি।
জানা গেছে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও দু-একটি বেসরকারি সংগঠন আর্সেনিক নিয়ে গবেষণা এবং আক্রান্ত এলাকায় কাজ করে আর্সেনিকের যে মাত্রা পেয়েছে তা অত্যন্ত ভীতিকর।
এ প্রসঙ্গে নিউ এরা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মোস্তাক আহমেদ কিরণ জানান, বিশুদ্ধ পানির অভাব দূর করতে নিউ এরা ফাউন্ডেশন ইতিপূর্বে প্রায় ২২০ ফুট গভীরে পাইপ লাইন স্থাপন করে বিনামূল্যে ৩৮টি টিউবওয়েল ও দুটি আর্সেনিক আয়রন রিমুভার প্ল্যান্ট ট্যাংক স্থাপন করেছে এবং ২৫০ জন আর্সেনিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছে। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় গত ২ বছর ধরে তাদের এ সকল কর্মকাণ্ডও বন্ধ রয়েছে।
এ বিষয়ে পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বলেন, পাকশী ইউনিয়নে আর্সেনিকের মাত্রা অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি। এখানে বিশুদ্ধ পানির অভাবে ক্রমান্বয়েই আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি সহযোগিতা যা নেই বললেই চলে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, ইতিমধ্যে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৬০০ জন আর্সেনিক রোগীকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। তবে সরকারি প্রকল্প বন্ধ থাকায় এখন ওষুধ প্রদান করার সুযোগ নেই।
ঈশ্বরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মহাবুল ইসলাম জানান, কয়েক বছর আগে রূপপুর এলাকায় আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপন করার পর বাজেট না থাকায় আর কোনো অগ্রগতি নেই।
পাকশী-রুপপুরে আর্সেনিক মহামারী আকার ধারণ করেছে। এখানে বিশুদ্ধ খাবার পানির বড়ই অভাব।
তিনি আরো জানান, ২০০০ সালে রুপপুর ও চর- রুপপুর এলাকায় জরিপ চালিয়ে আর্সেনিকযুক্ত টিউবওয়েল লাল দাগ চিহ্নিত করে। কিছু পন্ড স্যান্ড ফিল্টার স্থাপন করা হলেও সেগুলো অকেজো। বৃষ্টির পানি ধরে রেখে পান করার জন্য ডিসিএইচ মালয়েশিয়া ও ঢাকা কমিউনিটি হাসপাতালের সহযোগিতায় ১০০টি সিমেন্টের ঢোপ টাইপের পাত্র বানিয়ে দেওয়া হয়েছিল। সেগুলো এখন অকেজো হয়ে বাড়ির উঠানের জায়গা দখল করে আছে। এই এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য দুটি মেশিন স্থাপন করা হয়েছিল। সেই মেশিনের একটি দীর্ঘদিন থেকে অকেজো হয়ে পড়ে আছে, তা দেখার বা খোঁজ নেওয়ারও কেউ নেই। বাধ্য হয়ে অনেকেই আর্সেনিকযুক্ত পানি পান করছেন।










