সিল্কসিটিনিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে মাসিক বেতন হিসেবে পেতেন ১ লক্ষ ৫০ হাজার টাকা। এ বার অবসরের পরে পেনশন পাবেন মাসে ৭৫ হাজার টাকা। এছাড়াও দেশের নিয়ম অনুসারে একটি টাইপ-৮ স্তরের সুসজ্জিত বাংলো বিনা ভাড়ায় ব্যবহার করতে পারেন অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি। প্রণব মুখোপাধ্যায় থাকবেন নয়াদিল্লির ১০ নম্বর রাজাজি মার্গের এক ঐতিহাসিক বাংলোয়। অবসরের পরে এখানেই আমৃত্যু থেকেছেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।

নয়াদিল্লির দশ নম্বর রাজাজি মার্গের বাংলো।

এ ছাড়াও নানা সুবিধা পান অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি। দু’টি ল্যান্ড ফোন ও একটি মোবাইল ফোনের বিল মেটাবে সরকার। পাঁচ জন সরকারি কর্মী। এর মধ্যে একজন ব্যক্তিগত সচিব।
একটি সরকারি গাড়ির সঙ্গে খরচের জন্য মাসে ৬০ হাজার টাকা এবং প্রতি মাসে গাড়ির জ্বালানির জন্য ২৫০ লিটার পেট্রল দেওয়া হয়। গাড়ির চালকের বেতনও দেয় সরকার। অবসরের পরে রাষ্ট্রপতি এক জন সঙ্গী নিয়ে দেশে বিমান ও ট্রেনে নিখরচায় দেশে ভ্রমণ করতে পারেন।
তবে ব্যক্তিগত ভাবেও কোটিপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি থাকার সময়ে ২০১৪ সালে তিনি যে হিসেব পেশ করেন তাতেই দেখা যায় দিল্লিতে নিজের ফ্ল্যাট, কলকাতার ফ্ল্যাট এবং বীরভূমের মিরাটি গ্রামের পৈতৃক সম্পত্তি মিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৬৩ লাখ টাকা। আর স্থাবর, অস্থাবর মিলিয়ে তিনি ১ কোটি ৮০ লাখ টাকার সম্পত্তির মালিক।










