সদ্য প্রকাশিত
কৃষি

প্রাণ কারখানার দূষিত বর্জ্য ছড়িয়ে পড়েছে নাটোরের দুটি বিলে, মরছে মাছসহ জলজপ্রাণী

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০১৭৪ মিনিট পড়া
প্রাণ কারখানার দূষিত বর্জ্য ছড়িয়ে পড়েছে নাটোরের দুটি বিলে, মরছে মাছসহ জলজপ্রাণী

মাহবুব হোসেন, নাটোর
নাটোরে প্রাণ এগ্রো কারখানার দূষিত বর্জ্যরে কারণে নস্ট হচ্ছে জমির ফসল। হুমকির মুখে রয়েছে দেড় থেকে দুই হাজার জমির ধান সহ বিভিন্ন ফসল। এমনকি বিষাক্ত বর্জ্য বৃষ্টির পানির সাথে মিশে ছড়িয়ে পড়েছে দুটি বিলে। এতে মরে যাচ্ছে প্রাকৃতিক জলাশয়ের মাছসহ নানা প্রজাতির জলজ প্রাণী। এই অবস্থায় কারখানার বিরুদ্ধে সর্তক বার্তার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নাটোরের জেলা প্রশাসন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, ১০ থেকে ১২ দিন আগে প্রাণ এগ্রো কারখানার বিষাক্ত বর্জ্য বৃষ্টির পানির সাথে মিশে সদর উপজেলার আয়চান্দের বিল এবং চানপুর বিলে ছড়িয়ে পড়ে। এতে দু-একদিনের মধ্যে রোপা-আমন ধান পচে নস্ট হওয়া শুরু হয়। এছাড়া কারখানার আশপাশের আখসহ অন্যান্যে সবজি ক্ষেতও মড়ক দেখা দেয়। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

এ নিয়ে স্থানীয় কৃষকরা প্রতিবাদ করলে প্রাণ এগ্রো কারখানার ডিজিএম হয়রত আলী সহ অন্যান্যেরা এলাকা পরিদর্শন করেন। সে সময় কৃষকদের ক্ষতি তারা চোখে দেখে গেলেও এখন পর্যন্ত কোন ক্ষতিপুরনের ব্যবস্থা গ্রহন করেনি।

এদিকে দূষিত বর্জ্য মুক্ত জলাশয়ের পানি সাথে মিশে যাওয়ার কারনে আশপাশের পুকরে ঢুকে পড়েছে পানি এতে মরক দেখা দিয়েছে পুকুরের মাছের। এছাড়া মুক্তজলাশয়ের মাছও মারা যাচ্ছে। সব মিলে দুষিত হয়ে পড়েছে পুরো এলাকা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিষাক্ত বর্জ্য পানির সাথে মিশে কাল রঙ ধারন করেছে। কতগুলো স্থানে বর্জ্যর স্তুপ পড়ে রয়েছে। রোগে আক্রান্ত হওয়ার ভয়ে কেউ পানিতে নামতে চান না। এরআগেও প্রাণের দূষিত বর্জ্যর কারনে ফসল নস্ট হয়েছে কৃষকদের। সে সময় বুজতে না পারলেও আবারও একই ধরনের ঘটনায় দিশেহারা তারা।


চানপুর এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক নূল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, প্রতিবছরই প্রাণ তাদের কারখানার বিষাক্ত বর্জ্যরে পানি খোলা মাঠে ছেড়ে দেয়। এতে কারখানার আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়ে। এই বছর তিনি পাঁচ বিঘা জমিতে আখ রোপন করেন। কিন্তু প্রাণ কোম্পানীর দূষিত বর্জ্যর কারনে তার আখে মরক দেখা দিয়েছে।

কথা হয় আরেক ক্ষতি আব্দুস সামাদ এর সাথে। তিনি বলেন, তার আড়াই বিঘা জমিতে এবার রোপা-আমন ধান রোপন করেন। কিন্তু বিষাক্ত বর্জ্যরে কারণে তার পুরো জমির ধান পচে নস্ট হয়ে গেছে। এতে তার প্রায় ১০ থেকে ১২হাজার টাকা ক্ষতি হয়েছে।
শুধু আব্দুস সমাদের নয়, একই এলাকার কৃষক সুমন হোসেনের দুই বিঘা, শাহজাহান আলীর ৪বিঘা, সামছুল হকের দুই বিঘা, আব্দুল হাকিমের দেড় বিঘা জমির ধান নস্ট হয়ে গেছে।

তবে ধানের পাশাপাশি সব চেয়ে ক্ষতি হয়েছে প্রাকৃতিক জলাশয়ের মাছ। এই সময় মাছের প্রজনন মৌসুম হওয়ায় ডিম সহ মরে যাচ্ছে দেশীয় প্রজাতির সব মাছ। এছাড়া বিল সংলগ্ন কিছু কিছু পুকুরে বিষাক্ত পানি প্রবেশ করার কারনে পুকুরের মাছেও মরক দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন মাছ চাষীরা।

স্থানীয় আব্দুল হালিম নামের এক ব্যক্তি বলেন, বিলে কারখানার বিষাক্ত পানি প্রবেশ করার কারনে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ মরে যাচ্ছে। যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা সবচেয়ে বিপাকে পড়েছেন।

হেলাল উদ্দিন নামের এক ব্যাক্তি বলেন, প্রাণ কোম্পানী মেডিকেলজ কলেজ তৈরী করার নামে করে তাদের কাছ থেকে জমি ক্রয় করে। কিন্তু এখন কলেজের নাম করে তারা কারখানা তৈরী করছে। আর বিষাক্ত বর্জ্য উন্মুক্ত স্থানে ছেড়ে দিয়ে কৃষকদের ক্ষতি করছে।

এদিকে, কারাখানার দুষিত বর্জ্য বৃষ্টির পানির সাথে ছড়িয়ে পড়ে ক্ষতির স্বীকার করলেন কারখানার কর্মকর্তারা। ক্ষতিগ্রস্থদের তালিকা করে ক্ষতিপুরনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তারা।

প্রাণ এগ্রো কারখানা পাল-২ এর এডমিন ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, ড্যাম্পিং করার বর্জ্য কারখানার ভিতরে চৌবাচ্চা করে সেখানে ফেলা হয়। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারনে চৌবাচ্চা ভরে পার্শ্ববর্তী বিলের পানিতে মিশে গেছে। এতে ধান সহ অন্যাণ্যে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। কোম্পানীর উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে ক্ষতিপুরনের ব্যবস্থা করছেন।

তিনি আরো বলেন, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে জন্য স্থায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, প্রাণ এগ্রো কারখানায় তাদের এটিটিপি থাকলেও খরচ কমানোর জন্য ইটিটিপি চালু রাখে না। তাদের কারখানার নিয়মিত বর্জ্য তারা নারদ সহ বিভিন্ন স্থানে ফেলে দেয়। সরেজমিনে পরিদর্শনে গিয়ে সেটা নজরে এসেছে। তাৎক্ষনিক ভাবে তাদের ইটিটিপির মাধ্যমে বর্জ্য শোধন করার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, প্রাণ এগ্রো কারখানা তাদের নতুন পাল-২ ড্যাম্পিং এর র্বজ্য শোধন না করেই গর্ত করে সেখানে ফেলছে। এতে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। প্রাণ কারখানাকে প্রাথমিক ভাবে আমার স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের সতর্ক করে দেয়া হবে। আগামী সাতদিনের মধ্যে তারা বর্জ্য শোধনে ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

স/আর