সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

উদ্ধার হওয়া ছাত্র স্বাধীনকে পরিবারের কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক৬ জুলাই ২০১৭২ মিনিট পড়া
উদ্ধার হওয়া ছাত্র স্বাধীনকে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

লালমনিরহাট জেলা সদর থেকে অপহৃত মোঃ কামরুল হাসান স্বাধীন (১৫) কে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর থানার এসআই সিদ্দিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুস সিল্কসিটি নিউজকে জানান।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, কামরুল হাসান স্বাধীনের মা পিয়ারী বেগম ও মামা আসরাফুল হক।

পুলিশ জানায়, গত ৩ জুলাই সোমবার কামরুল হাসান লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে দূস্কৃতিকারীরা তার মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে পড়ে। গত বুধবার বিকেলে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুস গোপন সংবাদ পেয়ে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন বালিয়াদিঘী গ্রামের আব্দুল লতিফের ছেলে নুর আলমের বাড়ী থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। সে সময় নুর আলম বাড়ীতে ছিলনা।

তার স্ত্রী পুলিশকে জানায়, তার স্বামী সকাল ১০টার দিকে বাড়ীর পিছনে একটি আম বাগানে কিশোরটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ীতে নিয়ে আসে। উদ্ধারের পরপরই স্বাধীন কথা বলতে না পারলেও পুলিশকে লিখিত নাম ঠিকানা জানায়।

তাৎক্ষণিকভাবে উদ্ধারের বিষয়টি লালমনিরহাট সদর থানার পুলিশকে অবহিত করা হলে তারা জানায়, সদর থানায় গত ৫ জুলাই ২০১৭ সাধারণ ডায়রী করা হয়েছে যাহার নং- ২২৮। এছাড়া গত ৪ জুলাই ২০১৭ কামরুল হাসানের বাড়ী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় একটি জিডি করা হয়। উদ্ধারের খবর পেয়ে লালমনিরহাট থানার পুলিশ কামরুল হাসানের মা ও মামাকে নিয়ে শিবগঞ্জ থানায় বুধবার রাতেই পৌছে। কামরুল হাসানকে সনাক্ত করার পরই শিবগঞ্জ থানা পুলিশ তাদের হাতে কামরুল হাসানকে হস্তান্তর করেন।

স/অ