আন্তর্জাতিক

অবসাদ থেকে মুক্তির পথ খুঁজতে মাঝরাতে গানের আসর

নিউজ ডেস্ক৩ জুন ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: নাইট ক্লাবে গিয়ে হুল্লোড়ে অবসাদ বাড়ে বই কমে না। বরং বন্ধুবান্ধবেরা একসঙ্গে আড্ডা মারলে, গানবাজনা করলে কেটে যায় বিষণ্ণতা। মূলত এই বার্তা দিতেই আজ, শনিবার রাতে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে গানবাজনা করবেন একদল তরুণ-তরুণী।

অবসাদ থেকে মুক্তি পেতে তরুণ-তরুণীদের একাংশ এখন নাইট ক্লাবে সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু চড়া বাজনা, হুল্লোড়ে কি অবসাদ কমে? উত্তর খুঁজছেন আরেকদল তরুণ-তরুণী। বিকল্পের সন্ধান চলছে। আপাতত তাঁরা ঠিক করেছেন, রাতে বন্ধুবান্ধব এবং সমমনস্কেরা মিলিত হয়ে প্রকাশ্যে গানবাজনা করবেন। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘ক্রেজি নাইট লাইভ’ সংক্ষেপে ‘সিএনএল’। আজ, শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে প্রথম ‘সিএনএলে’র আসর বসছে। বাজবে না কোনও মাইক, থাকছে না কোনও আলো। শুধু গিটার আর কাহন নিয়ে পছন্দের গান গাওয়া আর শোনা। এক ঘণ্টা ধরে চলবে গানবাজনা।

‘সিএনএলে’র অংশগ্রহণকারী অভীক দত্ত বলেন, ‘‘অবসাদ কাটাতে সংগীতের জুড়ি মেলা ভার। তাই আমরা একসঙ্গে গানবাজনা করব।’’ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চলছে প্রচার। ‘সিএনএলে’র অ্যাডমিন রণিক গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘‘অবসাদ থেকে আত্মহত্যার প্রবণতা বাড়ে। আশা করছি, আমাদের এই প্রয়াস সেক্ষেত্রেও একটা বড় ভূমিকা পালন করবে।’’ তিনি জানিয়েছেন, ‘সিএনএল’ নিয়ে অনেকেই উৎসাহ প্রকাশ করেছেন। রাতের ওই অনুষ্ঠানটি সম্পর্কে ওয়াকিবহাল পুলিশও।
মনোরোগ বিশেষজ্ঞ ওমপ্রকাশ সিংহ বলেন, ‘‘এটা খুব ভাল প্রয়াস। নাইট ক্লাব থেকে ফিরে অনেকেই আরও অবসাদগ্রস্ত হয়ে পড়েন। লঘু সংগীত সেক্ষেত্রে মনকে ইতিবাচক করে তুলতে সাহায্য করে।’’