সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকা-সিলেট মহাসড়কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকচালকের মৃত্যু হয়। এ ঘটনায় ওই ট্রাকের হেলপারও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২২ নভেম্বর) রাত পৌনে ৭টায় সোনারগাঁ উপজেলার কাচপুরের স্কয়ার নীট কম্পোজিট গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম ইসমাইল (৪০) ও আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।
এদিকে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তি সৃষ্টি হতে দেখা গেছে।
মহাসড়ক দিয়ে ফেরার পথে হানিফ নামে এক প্রত্যক্ষদর্শী দুর্ঘটনাটি দেখেছেন বলে জানান। তিনি বলেন, আমি গাউছিয়া হতে কাঁচপুরের দিকে ফেরার পথে হঠাৎ একটি কাভার্ডভ্যানকে অন্য আরেকটি ট্রাকের ওপরে দেখতে পাই। এরপর গাড়ি থেকে নেমে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলে জানতে পারি, কাভার্ডভ্যানটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ওপর পড়ে যায়। এতে ট্রাকচালকের মৃত্যু হয় এবং অন্য আরেকজনকে আহত অবস্থায় দেখি।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন।










