সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লি জেলায় একটি গাছে ধাক্কা লেগে গাড়িতে থাকা আটজন নিহত হয়েছেন এবং আরো দুজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) বিকেলে কোথুরপট্টি চার রাস্তার সংযোগস্থলের কাছে এই দুর্ঘটনা ঘটে।
প্রাণহানির এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, নামাক্কাল জেলার এরুমাপট্টিতে একটি কান ফোঁড়ানোর অনুষ্ঠান শেষে থাঞ্জাভুর জেলার থিরুকাত্তুপল্লিতে ফেরার পথে গাড়িটি একটি নিমগাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন আরোহী মারা যান। পরে মুসিরি সরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাকি তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—থাঞ্জাভুরের থিরুকাত্তুপল্লীর মহারাজাপুরমের বাসিন্দা মানিকম, মুরুগান, রাজেশ, শক্তিভেল ও সুব্রামনি; থাঞ্জাভুর জেলার সাথানুরের সাঙ্গিলি; এবং ভিলুপুরম জেলার পাভাদাই (৫০) ও সীতারামন। দুর্ঘটনায় গুরুতর আহত সাথানুরের বাসিন্দা রামালিঙ্গম ও রামর বর্তমানে মুসিরি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এক্স-এ দেওয়া পোস্টে দুর্ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় গভীর শোক প্রকাশের পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই ব্যক্তির বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।










