সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের রাজস্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে দ্রুতগতির একটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
দ্য প্রিন্ট জানিয়েছে, রবিবার (২২ নভেম্বর) ভোরে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কের শম্ভুপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা একটি মন্দিরে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন।

পুলিশ জানায়, মহারাষ্ট্রের ধুলে জেলার একটি যৌথ পরিবারের ১৬ সদস্য ক্রুজার গাড়িতে করে সিকার জেলার খাতু শ্যামজি মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি ট্রাকের পেছনে তাদের গাড়িটি ধাক্কা দেয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার তেজেশ্বরী গৌতমসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ তদারকি করেন।
আহতদের উদ্ধার করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকচালক হারুন সাংবাদিকদের জানান, ট্রাকের একটি ত্রুটি পরীক্ষা করতে তিনি সেটি রাস্তার পাশে দাঁড় করিয়েছিলেন। এ সময় তিনি ট্রাক থেকে কিছুটা দূরে ছিলেন। হঠাৎ দ্রুতগতিতে আসা ক্রুজারটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
তিনি আরো জানান, সংঘর্ষের আঘাতে তিনি প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন।
প্রায় ১০ মিনিট পর তার জ্ঞান ফেরে। পরে নিজেই পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন। দুর্ঘটনায় তার হাঁটু ও মাথায় আঘাত লেগেছে।
পুলিশ নিহতদের নাম প্রকাশ করেছে। তারা হলেন ঊষা, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুয়াল, জাহ্নবী ও মাধবী। আহতদের মধ্যে ক্রুজার ও ট্রাকের দুই চালকও রয়েছেন।










