সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
কৃষি

পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিন বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন কৃষক ফরিদ উদ্দিন। দেড় বিঘার ধান ঘরে তুলেছেন।

বাকি দেড় বিঘা ধান কাটতে শ্রমিক পাঠিয়েছিলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের এই কৃষক, কিন্তু অসময়ের বৃষ্টিতে সেই ধান এখনো মাঠেই পড়ে আছে।
ফরিদ উদ্দিনের ভাষ্য, ‘দেড় বিঘা ধান ঘরে তুলেছি। বাকি দেড় বিঘা কাটতে শ্রমিক পাঠিয়েছিলাম। শুক্রবার বিকেলের বৃষ্টিতে ধান মাঠেই ভিজছে।

এতে ক্ষতির মুখে পড়ছি।’

উপজেলার অধিকাংশ কৃষক এক ফসল ঘরে তুলেই আরেক ফসলের প্রস্তুতি নেন। সে হিসেবে জমি প্রস্তুত করেছিলেন তারা। আলুর বীজ কেনা, ধান কাটার অপেক্ষা—সবই চলছিল পরিকল্পনা অনুযায়ী, কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে হওয়া বৃষ্টি সেই হিসাব বদলে দিয়েছে।

শনিবার ক্ষেতলালের বিভিন্ন কৃষিজমি ঘুরে দেখা যায়, জমিতে পড়ে আছে পাকা আমন ধান। কোথাও কাটা ধান ভিজছে, কোথাও বন্ধ রাখা হয়েছে ধান কাটা। কৃষকরা জানান, বৃষ্টি অব্যাহত থাকায় দুশ্চিন্তা বাড়ছে আগাম আলু চাষ নিয়েও। একদিকে মাঠের ফসল, অন্যদিকে পরবর্তী আবাদ—দুই নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন তারা।

 

কাঁচাকূল গ্রামের আরেক কৃষক আহসান হাবীব ফরহাদের সাত বিঘা জমির আমন ধান এখনো ঘরে তোলা হয়নি।

ধান কাটার পর আগাম আলু চাষ শুরু করার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। বীজও কিনে রাখেন। জমি প্রস্তুতের কাজ প্রায় শেষ, কিন্তু বৃষ্টিতে ধান কাটতে না পারায় থমকে গেছে পরবর্তী চাষের পরিকল্পনা।
ফরহাদ বলেন, ‘সাত বিঘা জমির ধান এখনো মাঠে পড়ে আছে। আজই ঘরে তোলার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে পারিনি। আগাম আলুর বীজ কিনে রেখেছি, জমিও প্রায় প্রস্তুত। এখন ধান তুলতে না পারায় আলু চাষ নিয়েও দুশ্চিন্তায় আছি।’

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জয়পুরহাটে এ বছর ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। পাশাপাশি আলু চাষের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ৪০০ হেক্টর। দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা হওয়ায় আমন ধান কাটার পরপরই আগাম আলু চাষ শুরু করেন অনেক কৃষক। ফলে অসময়ের এই বৃষ্টি শুধু মাঠের পাকা ধানই নষ্ট করেনি, ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে পরের আবাদও।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুনজু আলম সরকার বলেন, ‘অসময়ের বৃষ্টিতে কৃষকের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় এখনই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।’