নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬। ১৪ নভেম্বর ২০২৬, শনিবার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের তৃতীয় দিনের কার্যক্রমের মধ্য দিয়ে তিন দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে এবং সিসিবিভিও, রাজশাহী ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। এতে ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ১৪০টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। পাশাপাশি ৮টি জনজাতির ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও সংস্কৃতির পরিচায়ক কৃষি ও শিকার সরঞ্জাম, গৃহস্থালি ব্যবহার্য সামগ্রী, পোশাক, অলংকার, ঐতিহ্যবাহী খাবারসহ বিভিন্ন উপকরণ নিয়ে ৪৫টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভাপতি অধ্যাপক আবদুস সালাম, সহসভাপতি আরিফা বেগম, নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল, সহ-সম্পাদক তাহেরা খাতুন, সিসিবিভিওর নির্বাহী সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজের ড. মো: আমিরুল ইসলাম, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমী এবং কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন জনজাতির নেতৃবৃন্দ।
মেলায় জনজাতিভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, রচনা ও সংগীত প্রতিযোগিতা এবং ঐতিহ্যবাহী উপকরণ প্রদর্শনীর ওপর ভিত্তি করে স্টল মূল্যায়ন করা হয়। প্রতিটি প্রতিযোগিতায় জনজাতিভিত্তিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় সাঁওতাল, উরাও, রাজোয়ারসহ অংশগ্রহণকারী জনজাতিগুলোর বিভিন্ন রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সান্তাল জনজাতির প্রথম পুরষ্কার লাভ করেন গণকের রক্ষাগোলা গ্রাম সমাজ সংঠন, উরাও জনজাতির প্রথম পুরষ্কার লাভ করেন পাথরঘাটা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, পাহাড়িয়া ডাইংপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, মুন্ডা বটতলী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, রাজোয়াড় জনজাতির মাধাইপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন। স্টলে প্রথম স্থান অর্জন করে কাদমা মুরালীপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন। পুরস্কার বিতরণী শেষে অতিথিবৃন্দ বিভিন্ন জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
তাঁরা স্টলে প্রদর্শিত ঐতিহ্যবাহী কৃষি ও শিকার সরঞ্জাম, পোশাক, অলংকার, খাদ্যসামগ্রী এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সম্পর্কে অবহিত হন।
বার্ষিক মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক সেপরাতুস বিশ্বাস, কাদমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সরেন, মাসাউসের প্রকল্প সমন্বয়কারী মাইকেল মারান্ডী এবং প্রশান্ত মিঞ্চ। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
সিসিবিভিওর পক্ষে উপস্থিত ছিলেন সমন্বয়কারী আরিফ ইথার, সহ-সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন ও প্রদীপ মার্ডীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং সমাজ সংগঠকবৃন্দ। তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন জনজাতির ঐতিহ্যবাহী নৃত্য, গান, সাহিত্যচর্চা, পোশাক, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার বৈচিত্র্য তুলে ধরা হয়। একই সঙ্গে বিভিন্ন গ্রামের রক্ষাগোলা সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, ঐক্য ও সম্প্রীতি জোরদারের একটি সম্মিলিত ক্ষেত্র তৈরি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নৃতাত্ত্বিক সাংস্কৃতিক কর্মী এলিজাবেদ টুডু, মানিক এক্কা ও হ্যাপী সরেন। ৭০টি সাংস্কৃতিক দলের ঐতিহ্যবাহী পরিবেশনা এবং ৮টি জনজাতির ৪৫টি প্রদর্শনী স্টলের অংশগ্রহণের মধ্য দিয়ে তৃতীয় দিনের আয়োজন শেষ হয়।










