আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় দাবানলে পুড়েছে ১৯ লাখ হেক্টরের বেশি বনভূমি

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দাবানলে ১৯ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে সোমবার এ তথ্য জানিয়েছে বন উজাড় পর্যবেক্ষণকারী সংস্থা নুসানতারা অ্যাটলাস।

সংস্থাটির মতে, প্রকৃত ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ আরো বেশি হতে পারে।
নুসানতারা অ্যাটলাসের প্রতিষ্ঠাতা ডেভিড গ্যাভো জানান, পুড়ে যাওয়া এলাকার পরিমাণ প্রায় ১৯ লাখ ১৬ হাজার ৫৮৮ হেক্টর বলে শনাক্ত করা হয়েছে। এই এলাকা লন্ডনের আয়তনের প্রায় ১২ গুণ। তবে এটি একটি প্রাথমিক ও সতর্ক হিসাব।

তিনি বলেন, ছোট ছোট পোড়া এলাকা হিসাবের বাইরে রাখা এবং ভুল শনাক্তকরণ এড়ানোর কারণে মোট হিসাব কম হতে পারে। এ ছাড়া, ঘন ধোঁয়াশার কারণে অনেক সময় স্যাটেলাইটের ছবিও স্পষ্টভাবে দেখা যায়নি। ইন্দোনেশিয়া সরকার সর্বশেষ জুলাইয়ের শেষে জানিয়েছিল, তখন পর্যন্ত প্রায় ২ লাখ ২ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। এরপর থেকে সরকারিভাবে নতুন কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

নুসানতারা অ্যাটলাসের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরের শেষে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি। ২০১৫ সালে ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল হয়েছিল। তবে সে সময় বর্তমান পর্যবেক্ষণব্যবস্থায় ব্যবহৃত স্যাটেলাইটগুলো চালু না থাকায় ওই বছরের সঙ্গে সরাসরি তুলনা করার মতো তথ্য নেই।

ডেভিড গ্যাভোর আশঙ্কা, চলতি বছরের দাবানলও ২০১৫ সালের মতো ভয়াবহ হতে পারে। তিনি বলেন, স্যাটেলাইটে শনাক্ত হওয়া আগুনের হটস্পটের সংখ্যা এখনো বাড়ছে, যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।