ধর্ম

পবিত্র দুই মসজিদকে লক্ষ্য করে হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা বিঘ্নিত করা এবং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে নিরপরাধ মানুষের জীবন বিপন্ন করাকে গুরুতর অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ বিন ফাওজান। গতকাল (১২ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি সন্ত্রাসী হুতি মিলিশিয়ার বেসামরিক স্থাপনায় হামলা এবং পবিত্র দুই মসজিদে আগত নিরীহ মানুষের জীবন বিপন্ন করার ঘটনায় তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, পবিত্র স্থানগুলোর মর্যাদা ক্ষুণ্ন করা এবং সেখানে আগত মুসল্লি ও জিয়ারতকারীদের ক্ষতি করার মতো অপরাধের জন্য মহান আল্লাহ কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। তিনি এসব কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতি সম্পর্কেও সতর্ক করে পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা তুলে ধরেন। এ প্রসঙ্গে সৌদি গ্র্যান্ড মুফতি পবিত্র কোরআনের সুরা আল-হাজের ২৫ নম্বর আয়াতের একটি অংশ উদ্ধৃত করেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আর যে কেউ সেখানে অন্যায়ভাবে বিচ্যুতি বা জুলুম করার ইচ্ছা করবে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাব।

’
তিনি আরো বলেন, মদিনা মুনাওয়ারার পবিত্রতা ও মর্যাদা সম্পর্কে মহানবী (সা.) কঠোর সতর্কবার্তা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি মহানবী (সা.)-এর সেই বাণী উল্লেখ করেন, যেখানে মদিনার অধিবাসীদের ক্ষতি করার ইচ্ছা পোষণকারীর জন্য কঠিন পরিণতির কথা বলা হয়েছে। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি মদিনার অধিবাসীদের ক্ষতি করার ইচ্ছা পোষণ করবে, আল্লাহ তাকে এমনভাবে গলিয়ে দেবেন, যেমন পানিতে লবণ গলে যায়।’ (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

শায়খ ড. সালেহ আল-ফাওজান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, অতীতে পবিত্র স্থানগুলো এবং আল্লাহর পবিত্র ঘর জিয়ারতকারীদের লক্ষ্যবস্তু করার মতো অপরাধে যারা জড়িত হয়েছে, তারা শেষ পর্যন্ত ধ্বংস ও ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়েছে।

বিবৃতির শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি এসব অপরাধীকে নির্মূল করেন এবং সৌদি আরবসহ বিশ্বের সব মুসলিম দেশকে নিরাপদ রাখেন। একই সঙ্গে তিনি পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মুসলমানদের জানমালের সুরক্ষায় আল্লাহর সাহায্য কামনা করেন।