সিল্কসিটিনিউজ ডেস্ক:
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ ইন করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলপাইতলী বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, সীমান্তের ৩০৩/৫-এস পিলার থেকে প্রায় ২০ গজ দূরে ভারতের জাকিরপুর এলাকা দিয়ে ওই নারী ও শিশুকে বাংলাদেশে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, পুশ ইনের শিকার দুজন হলেন ভারতের আজমির জেলার দারোগাবাজার থানার আন্দারকোট গ্রামের মুহিন ইসলামের স্ত্রী সুলতানা বেগম (৪০) ও তার মেয়ে আলেয়া (৮)। তাদের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে।
তবে এ বিষয়ে ২৯ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় পুশ ইনের কোনো ঘটনা ঘটেনি।









