সিল্কসিটিনিউজ ডেস্ক:
চুরির অপরাধে বাবাকে খুটির সঙ্গে বেঁধে রাখে ব্যবসায়ীরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে শিশুকন্যা।
চেষ্টা করে খুঁটির সঙ্গে বাধা বাবার হাত-পা খোলার। ব্যর্থ হয়ে সারা রাত অনাহারে কাটানো বাবার মুখে রুটি তুলে দেয় কন্যা। এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে।

জানা গেছে, গতকাল শুক্রবার গভীর রাতে ওই বাজারের একটি দোকানে চুরির চেষ্টাকালে জনতার হাতে ধরা পরে অনিক সরদার নামের এক যুবক। পরে স্থানীয়রা তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে তার শিশুকন্যা। এরপর সারা রাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা এনে বেঁধে রাখা বাবাকে খাইয়ে দেয়।
স্থানীর এক যুবক সেই ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পরে মুহূর্তেই ভাইরাল হয়।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, অনিক সরদার এলাকার ছিঁচকে চোর হিসেবে পরিচিত। চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে পরে তার অভিভাবকদের হাতে তারা তুলে দেয়।









