জাতীয়

সামনে ভাইয়ের বিয়ে, রাতে ঘরে মিলল যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিজ ঘরে স্ত্রীর ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মো. আব্দুল্লাহ আল পাশা (২৩)। তিনি সীতাকুণ্ড পৌরসভার নুনাছাড়া এলাকার মো. নুরুল আফছারের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাড়ির লোকজন পাশার মেজো ভাইয়ের বিয়ের কেনাকাটা শেষে রাত ৮টায় ঘরে ফিরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিব্বীর আহমেদ প্রিন্স বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

‎নিহতের চাচি ঝর্ণা আক্তার বলেন, ‘পাশা সাত মাস আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়েছিল’। পাশা মাদকাসক্ত ছিল বলেও জানান তিনি।

‎‎‎সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ বের হয়ে আসবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ’