সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুড়িগ্রামের রাজারহাটে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাই বাজারের তেল পাম্প সংলগ্ন সড়ক থেকে সামিউলকে গ্রেপ্তার করা হয়। সামিউল ইসলাম জিহাদ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলার রায়কে কেন্দ্র করে ছিনাই বাজারের তেল পাম্পসংলগ্ন সড়কে পেট্রল দিয়ে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সামিউল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়।
এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় সামিউল ইসলাম জিহাদসহ অজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সামিউল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়।
সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









