সিল্কসিটিনিউজ ডেস্ক:
এশিয়ান গেমসের শুরুটা বড় হারে হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। উত্তর কেরিয়ার কাছে ১০-০ ব্যবধানের পরাজয়ে।
নিজেদের ইতিহাসের সর্বোচ্চ পরাজয়ের হারে কোচ পিটার বাটলারের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে।
বড় মঞ্চে অভিজ্ঞ ফুটবলারদের বেঞ্চে বসিয়ে কেন তরুণদের নিয়ে একাদশ সাজান বাটলার। সেই হারের ব্যাখ্যা দিয়েছেন ইংলিশ কোচ। সঙ্গে হারের দায়ও নিজের কাঁধে নিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ‘আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। আমাদের এমন একজন মেয়ে রয়েছে, যার বয়স ১৫ বছর। তরুণদের বিকাশের নীতি বাস্তবায়ন করা সঠিক নাকি ভুল—হয়তো অনেকেই আমাদের কাজের এই উন্নয়নমূলক দিকটি পছন্দ করছেন না। তবে আপনাকে বুঝতে হবে আমাদের নিজস্ব কোনো স্বীকৃত লিগ নেই।
আমি কোনো অজুহাত দিচ্ছি না, কারণ আজকের এই ফলাফলের পুরো দায় আমি নিচ্ছি; যেহেতু তারা আমার খেলোয়াড়।’
হারের দায় নিজের কাঁধে নিলেও উত্তর কোরিয়ার মতো দলের সঙ্গে বাংলাদেশ গতি ও মানে অভ্যস্ত নয় বলে জানান বাটলার। তিনি বলেছেন, ‘তাদের গতির সঙ্গে আমাদের মেয়েরা অভ্যস্ত নয়। এই মানের দলের বিপক্ষে খেলার মতো আমরা এখনো প্রস্তুত নই।’
বাংলাদেশের পরের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
কিন্তু শক্তি-সামর্থ্যে ঢের এগিয়ে থাকা দলকে নিয়ে না ভেবে নিজেদের শক্তি বিবেচনায় মিয়ানমারকে মূল প্রতিপক্ষ ভাবছেন বাটলার। তিনি বলেছেন, ‘আমাদের মূল প্রতিপক্ষ মিয়ানমার। এই ম্যাচে এক গোলে হারাও যা, দশ গোলে হারাও তাই। এমনকি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও এমন হতে পারে।’










