জাতীয়

সোনারগাঁয়ে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, এলাকায় আতঙ্ক

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। সংঘর্ষের পর রাতের আঁধারে একটি সীমানা প্রাচীর ভেঙে ফেলার ঘটনায় চর ভবনাথপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে বিতর্কিত জমিতে পুনরায় সীমানা প্রাচীর নির্মাণের প্রস্তুতিতে ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার চর ভবনাথপুর এলাকায় ২০ শতাংশ জমির মালিকানা নিয়ে মোস্তাক আহম্মেদ ও বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মোস্তাক আহম্মেদের দাবি, জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান এবং সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোস্তাক আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা জমির পাশে কাজ করতে গেলে বকুল মিয়ার অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

এতে মোস্তাক আহম্মেদ, তার ভাই গোফরান উদ্দিন, ভাবি পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় মোস্তাক আহম্মেদ বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বকুল মিয়া দাবি করেন, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন গুরুতর আহত হয়েছেন।

তাদের মধ্যে তার ছোট ভাই রাসেল মুখমণ্ডলের হাড় ভেঙে যাওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি ডেন্টাল ক্লিনিকে স্থানান্তর করা হয়। এ ঘটনায় বকুল মিয়া বাদী হয়ে থানায় পৃথক মামলা করেছেন।
পুলিশ জানায়, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ তদন্ত করে উভয় পক্ষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এদিকে মামলার পরপরই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

সরেজমিনে দেখা যায়, মোস্তাক আহম্মেদের নির্মিত সীমানা প্রাচীরটি রাতের আঁধারে ভেঙে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বকুল মিয়া তার লোকজন নিয়ে সোমবার বিতর্কিত জমিতে পুনরায় সীমানা প্রাচীর নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এতে যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, জমি নিয়ে দুই পক্ষের পুরনো বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিরোধ নিষ্পত্তির জন্য সময় দেওয়া হলেও তা অমান্য করে তারা সংঘর্ষে জড়ান। উভয় পক্ষের লিখিত অভিযোগের পর তদন্ত করে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরো বলেন, পুনরায় ওই জমিতে গিয়ে কেউ স্থাপনা নির্মাণের চেষ্টা করলে এবং এতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।