সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
মতামত

মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দিলে যা ঘটতে পারে

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০২৬৬ মিনিট পড়া
মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দিলে যা ঘটতে পারে

 

গত ৭ আগস্ট ইসলামের পবিত্রতম নগরী মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে স্বাক্ষর করেছে ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’। চুক্তিটিতে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে বলা হয়েছে, ‘এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ হলে তা সবার ওপর আক্রমণ বলে গণ্য হবে।

’
চুক্তিতে স্বাক্ষর করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বাহ্যিকভাবে তিন পরাশক্তি মুসলিম দেশের এ জোটকে আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং আত্মরক্ষার একটি স্বাধীন কাঠামো হিসেবে তুলে ধরা হচ্ছে। এমনকি এতে বাংলাদেশ, মিসর ও ইরানের যোগদানের সম্ভাবনা নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২৭ আগস্ট বলেছেন, যোগদানের প্রস্তাব এলে বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করবে।

অনেকের মতে, এ জোটের নতুন সদস্য মধ্যপ্রাচ্যের কোনো দেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার বাংলাদেশ হতে পারে। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ আলী জাফরের মতে, ‘মক্কা চুক্তির বর্তমান সদস্যদের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য অংশীদার। তবে দেশটি সম্প্রতি যে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে গেছে, তা বিবেচনায় নিলে এখনই ঢাকা এমন সিদ্ধান্ত নেবে বলে মনে হয় না।’

 

 

তার মতে, দক্ষিণ এশিয়ায় ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইতোমধ্যে এ চুক্তির প্রতিষ্ঠাতা সদস্য।

বাংলাদেশ এমন একটি প্রতিরক্ষা জোটে স্বাক্ষর করলে, যেখানে ‘যেকোনো একজনের ওপর হামলা সবার ওপর হামলা’ হিসেবে গণ্য হবে, সেটি নয়াদিল্লির জন্য চরম উদ্বেগের কারণ হবে। এর ফলে সীমান্ত নিরাপত্তা, দ্বিপক্ষীয় বাণিজ্য, তিস্তাসহ আঞ্চলিক পানিবণ্টনের মতো বিষয়গুলোতে বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে পারে ভারত। যেখানে দুই দেশের মধ্যে এর মধ্যে ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপট ও শেখ হাসিনার প্রত্যপর্ণ নিয়ে টানাপেড়েন চলছে।
দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্যের প্রক্সি যুদ্ধ, লোহিত সাগরে হুতিদের হামলা কিংবা পূর্ব ভূমধ্যসাগরে ইসরায়েল-তুরস্ক সংঘর্ষের মতো দূরবর্তী জটিল সংঘাতগুলোর দায় নেওয়ার মতো পর্যাপ্ত কৌশলগত কারণ ঢাকার রয়েছে কি না, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন জাফর। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মক্কা চুক্তিতে যোগ দিয়ে দূরবর্তী সংঘাতগুলোতে সরাসরি জড়িয়ে পড়া ঢাকার জন্য যুক্তিযুক্ত নয়।

তবে ইরানসহ অন্য কোনো দেশ জোটে যুক্ত হলে বাংলাদেশ এর কৌশলগত মূল্য পুনর্বিবেচনা করতে পারে। কেননা তখন এ জোট মধ্যপ্রাচ্যের রাজনীতি আমূলে বদলে দেবে। কিন্তু ইরানের এ জোটে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বটে।
মধ্যপ্রাচ্যের প্রক্সি যুদ্ধ, লোহিত সাগরে হুতিদের হামলা কিংবা পূর্ব ভূমধ্যসাগরে ইসরায়েল-তুরস্ক সংঘর্ষের মতো দূরবর্তী জটিল সংঘাতগুলোতে বাধ্যবাধকতামূলক সামরিক প্রতিরক্ষার আওতায় বাংলাদেশকে অংশ নিতে হতে পারে। নিজ ভূখণ্ডের বাইরে এমন সামরিক দায়বদ্ধতা গ্রহণ করা ঢাকার জন্য কৌশলগত ভুল প্রমাণিত হতে পারে।
তবে জোটভুক্ত হলে বাংলাদেশ তুর্কি প্রযুক্তির অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম অর্জন এবং সৌদি আরবের আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারে। এ ছাড়া সংকটকালীন সময়ে বাংলাদেশের জন্য কম খরচে ও অগ্রাধিকার ভিত্তিতে অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহের নিশ্চয়তা তৈরি হতে পারে। তবে বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক বাস্তবতায় ঢাকা এখন এমন বড় সিদ্ধান্ত নেবে কি না, সেটি নিয়ে সংশয় রয়েছে।

 

 

বাংলাদেশ ঐতিহাসিকভাবে ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’ নীতি মেনে চলেছে। একটি সুস্পষ্ট সামরিক ব্লকে যোগ দেওয়া মানেই চীন, রাশিয়া, কিংবা পশ্চিমা অন্যান্য জোটের সঙ্গে সম্পর্কের ভারসাম্যে ব্যাঘাত ঘটানো।

এমন একটি সামরিক নিরাপত্তা জোটে বাংলাদেশের যোগদানের পূর্বে জোটের আদল ও লক্ষ্য-উদ্দেশ্য বিশ্লেষণ করা জরুরি। এ বিষয়টিতে মনোযোগ দিয়েছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির আধুনিক আরব রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক ইতিহাসের অধ্যাপক জোসেফ মাসাদ। তার বিশ্লেষণ অনুযায়ী, এ চুক্তি প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু পুরেনো ‘ন্যাটো-স্টাইলের’ সাবকন্ট্রাক্টেড নিরাপত্তাব্যবস্থারই এক নতুন সংস্করণ।

তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বলেছেন, মক্কা চুক্তি মূলত ১৯৫৫ সালে মার্কিন তত্ত্বাবধানে গঠিত ‘সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন’ (সেন্টো) বা ‘বাগদাদ প্যাক্ট’-এর আধুনিক ছায়া। স্নায়ুযুদ্ধের সূচনালগ্নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালেসের বহুল আলোচিত ‘প্যাক্টোম্যানিয়া’ বা জোট গঠনের বাতিক থেকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাববলয় রক্ষার প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছিল। এটি তার ধারাবাহিকতা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন এ চুক্তিকে তাৎক্ষণিক স্বাগত জানিয়ে ‘বড় ও সাহসী পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। ইসলাম অধ্যুষিত দেশগুলোর জোট নিয়ে মার্কিনিদের এমন উচ্ছ্বাস নানা দুর্ভাবনার উন্মেষ ঘটায় বটে। ট্রাম্প যখন সৌদি নেতৃত্বাধীন এ জোটকে সাধুবাদ জানাচ্ছেন, তখন এ জোট ইসরায়েলকে বাইরে রেখে মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি স্বার্থ হাসিলের আরেকটি জাল কি না, সেটি ভাবা জরুরি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় সরাসরি বিশাল সামরিক খরচ না করে তাদের অনুগত আঞ্চলিক মিত্রদের মাধ্যমে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে সুরক্ষিত রাখতে চেয়েছে। মক্কা চুক্তি সেই পুরনো মার্কিন ছকেরই ফসল কী।

মার্কিন ও ইসরায়েলপন্থী কিছু বিশ্লেষক দাবি করছেন, এটি ইসরায়েলবিরোধী বা আব্রাহাম চুক্তির প্রতিদ্বন্দ্বী একটি অক্ষ। কিন্তু এ ধারণা অত্যন্ত সরলীকৃত এবং বাস্তবতা বিবর্জিত। মক্কা চুক্তি আব্রাহাম চুক্তির বিকল্প নয়, বরং পরিপূরক হয়ে উঠতে পারে। কেননা চুক্তির তিন মূল অংশীদারের কেউই মার্কিন প্রভাবের বাইরে নয়। তুরস্ক ন্যাটোর অন্যতম প্রধান সদস্য, অন্যদিকে সৌদি আরব ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত মিত্র।

 

 

ইসরায়েলের সঙ্গে তুরস্কের পূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। সৌদি আরব দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করে চলেছে এবং পাকিস্তান মূলত ভারতের ঘনিষ্ঠতার কারণে ইসরায়েল ইসু্যতে সতর্ক। ফলে এ চুক্তি ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ করার বদলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি করা বিন্যাসকে টিকিয়ে রাখতে সহায়তা করবে।
চুক্তিটিতে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো ‘একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ’ নীতি অর্ন্তভুক্ত করা হলেও বাস্তবক্ষেত্রে এর প্রয়োগ বেশ জটিল। ইয়েমেনের আনসারুল্লাহ (হুতি) বাহিনী কর্তৃক সৌদি আরামকো রিফাইনারিতে হামলার পর সৌদি আরব তার নতুন সহযোগীদের ডেকে পাঠায়নি। এটি প্রমাণ করে এর সামরিক কার্যকারিতার চেয়ে রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষমতা বেশি।

পাশাপাশি রিয়াদে গঠিত ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ মূলত মার্কিন নেতৃত্বাধীন ‘অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান’-এর একটি নতুন রূপ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় লোহিত সাগরে ইসরায়েল-সংযুক্ত জাহাজে হামলার বিরুদ্ধে মার্কিন ছক বাস্তবায়নে আঞ্চলিক দেশগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করাই ছিল এর মূল উদ্দেশ্য হতে পারে।

বাংলাদেশ, মিসর ও ইরানের মতো দেশগুলোর এ চুক্তিতে আগ্রহ বা নাম জড়ানোর বিষয়টি আঞ্চলিক ভূ-রাজনীতিকে আরো জটিল করে তুলছে। কোনো পক্ষ না নিয়ে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বতন্ত্রতা বজায় রাখা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন আধিপত্যের ছায়াতলে গঠিত কোনো আঞ্চলিক সামরিক কিংবা কৌশলগত ব্লকে বাংলাদেশ যুক্ত হলে স্বাধীন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

তথাকথিত ‘মুসলিম ন্যাটো’র যে প্রচ্ছদ মক্কা চুক্তিতে লাগানো হচ্ছে, তার আড়ালে সুপরিকল্পিত মার্কিন সাম্রাজ্যবাদী নীতির চুলচেরা বিশ্লেষণ এখন জরুরি। বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের দুঃসময় বা অনিশ্চয়তার মুখে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখা এবং ইসরায়েলের প্রতিপক্ষগুলোকে চাপে রাখার জন্য এটি একটি মোক্ষম হাতিয়ার কি না, তা ভাবা দরকার। ফলে মক্কা চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘স্বাধীন প্রতিরক্ষা প্রাচীর’ না ভেবে, মধ্যপ্রাচ্য ও এশীয় অঞ্চলে মার্কিন আধিপত্যবাদকে নতুন আঙ্গিকে বাঁচিয়ে রাখার একটি বিস্তৃত জাল হিসেবে দেখাই সমীচীন।

সূত্র : জেরুজালেম পোস্ট, দ্য মিডল ইস্ট আই ও চাথাম হাউস