নাটোর

মালয়েশিয়ায় উদ্ভাবন প্রতিযোগিতা নাটোরের তরুণ আব্দুল্লাহ পেলেন স্বর্ণপদক

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা প্রতিযোগিতা ‘বোর্নিও ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশন’ (বিআইআইসিসি ২০২৬)-এর আন্তর্জাতিক পর্বে জোড়া সাফল্য পেয়েছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক আব্দুল­াহ আলিম।

নিজের উদ্ভাবনী প্রকল্প ‘বিন টু বেনিফিট’-এর জন্য মঙ্গলবার তিনি স্বর্ণপদক অর্জন করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজের স্বীকৃতি হিসাবে তিনি পেয়েছেন ‘বিআইআইসিসি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড’।

মালয়েশিয়ার ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (এমওয়াইএসও) উদ্যোগে এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহর (ইউএমএস) সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের ৩০টির বেশি দেশের তরুণ উদ্ভাবক, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমওয়াইএসওর প্রেসিডেন্ট ড. রাজমি বিন আবদুল রাজাক এবং ইউএমএসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাসিম হাজী মানসোর।

এর আগে বিআইআইসিসি ২০২৬-এর জাতীয় পর্বেও স্বর্ণপদক পান আব্দুল্লাহ। সেই সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পান তিনি।

আব্দুল্লাহর ‘বিন টু বেনিফিট’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেন্সর ও ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তিনির্ভর স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা মডেল। এর মাধ্যমে স্মার্ট ডাস্টবিনে ময়লার পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ, মোবাইল অ্যাপে অবস্থান শনাক্ত এবং উৎসে বর্জ্য পৃথক করে সম্পদে রূপান্তর করা সম্ভব। মানুষকে সঠিকভাবে বর্জ্য ফেলতে উৎসাহিত করতে রয়েছে অ্যাপভিত্তিক ‘গ্রিন কয়েন’ পুরস্কারও।

এর আগেও থাইল্যান্ডের ‘ওয়ার্ল্ড ইয়ং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস ইনোভেশন ২০২৬’-এ জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ পদক পান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক ইমার্স এডুকেশন আয়োজিত আন্তর্জাতিক ব্লগ রাইটিং প্রতিযোগিতায় বিশ্বব্যাপী রানারআপ এবং ইতালিভিত্তিক প্রতিষ্ঠান জিএমএ আয়োজিত ‘স্টুডেন্ট এমপ্লয়মেন্ট থিংকিং কম্পিটিশন’-এ বিজয়ী হন।

আব্দুল্লাহ বলেন, এ অর্জন বাংলাদেশের তরুণদের স্বপ্ন, সাহস ও সম্ভাবনার প্রতিফলন। লাল-সবুজের পতাকা তুলে ধরতে পেরে তিনি গর্বিত। সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণরা প্রযুক্তির মাধ্যমে বিশ্ব জয় করতে সক্ষম বলেও মনে করেন তিনি।