জাতীয়

স্বামীকে খুন করে ৯৯৯-এ স্ত্রীর ফোন

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীতে স্বামীকে খুন করে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেছেন স্ত্রী।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেন অভিযুক্ত রেহানা আক্তার।

নিহতের নাম মাহফুজুর রহমান (৪০)। অভিযুক্ত স্ত্রী রেহেনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রেহেনা আক্তার নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, আগেরদিন রাতে তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করেছেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে সবুজবাগ থানাকে বিষয়টি ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলহ এবং অন্য নারীদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকায় ক্ষিপ্ত হয়ে স্বামীকে খুন করেন রেহানা। সবুজবাগ থানার একটি রেহেনাকে গ্রেপ্তার করেছে। এ সংক্রান্তে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।