জাতীয়

ফকিরহাট থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাগেরহাটের ফকিরহাটে একটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে আইএমইআই (IMEI) পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রি করা হতো।

 

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলা বাজারে রেজাউর রহমান পলাশের ‘পুষ্প টেলিকম’ নামের মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার।

আটক ব্যক্তিরা হলেন–ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকার শেখ সিদ্দিকুর রহমানের ছেলে রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠি এলাকার আক্কেল আলী শেখের ছেলে মো. অহিদুল ইসলাম (২৬), খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ এলাকার চৈতন্য সাহার ছেলে চন্দন সাহা (৩০) এবং বাগেরহাটের ভট্ট বালিয়াঘাটা এলাকার জাহাঙ্গীর খানের ছেলে মো. হুছাইন খান (২২)।

 

পুলিশ সুপার জানান, অভিযানের সময় আরো তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা হলেন–ফকিরহাটের পাগলা শ্যামনগর এলাকার শেখ সিদ্দিকুর রহমানের ছেলে মো. শিমুল শেখ (২৫), আট্টাকী এলাকার কাদের ফকিরের ছেলে মো. শফিকুল ফকির (২২) এবং খুলনার রূপসা উপজেলার নারকেলী চাঁদপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে তৌফিকুর রহমান (৩৪)। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৫৯টি মোবাইল ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করা হয়।

তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা পুষ্প টেলিকমে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রি করত।

আটক ব্যক্তিদের মধ্যে রেজাউর রহমান পলাশের বিরুদ্ধে আগে একটি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে। উদ্ধার করা ৫৯টি মোবাইল ফোন মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।