জাতীয়

৫ মাস ধরে বাড়ির আঙিনায় সবজি গাছের পরিচর্যা, অতঃপর…

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জয়পুরহাটের কালাই উপজেলায় বাড়ির আঙিনায় প্রায় পাঁচ মাস ধরে গাঁজা গাছ পরিচর্যার অভিযোগে হারেজ মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২ ফুট উচ্চতার ওই গাছসহ তাঁকে আটক করা হয়।

আটক হারেজ মণ্ডল আকলাপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল মণ্ডলের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, হারেজ মণ্ডলের বাড়ির আঙিনায় গাঁজা গাছ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। রাত সাড়ে ৮টার দিকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আঙিনায় প্রায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছটির সন্ধান পান কর্মকর্তারা। পরে গাছটি জব্দ করে হারেজ মণ্ডলকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় পাঁচ মাস আগে বাড়ির আঙিনায় গাছটি লাগানো হয়। ধীরে ধীরে গাছটি বড় হতে থাকলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। কয়েকজন বাসিন্দা হারেজ মণ্ডলকে গাছটি সরিয়ে ফেলার জন্য বললেও তিনি তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রায় পাঁচ মাস ধরে পরিচর্যার মাধ্যমে গাছটি বড় করা হয়।

একপর্যায়ে এটি প্রায় ১২ ফুট উচ্চতায় পৌঁছায়। পরে বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি জব্দ ও হারেজ মণ্ডলকে আটক করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, গাঁজা গাছটি বাড়ির আঙিনায় লাগানো অবস্থায় পাওয়া গেছে। এত বড় গাছটি দীর্ঘ সময় ধরে কীভাবে সেখানে বেড়ে উঠেছে এবং এর পেছনে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, আটক হারেজ মণ্ডলের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাঁজা গাছটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।