জাতীয়

হাসপাতালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার খাবার বিতরণ, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে খাবার বিতরণ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। মো. ইমরান হাসান সিজান নামের ওই নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করা হয়। পরে কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্র জানায়, সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন ইমরান হাসান সিজান। প্রায় আধঘণ্টা ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে চিকিৎসাধীন শতাধিক রোগীর হাতে খাবার তুলে দেন তারা।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খাবার বিতরণের সময় ইমরান হাসান সিজান রোগীদের উদ্দেশে বলেন, ‘আমি আজকে উপস্থিত হয়েছি জাতির জনকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনাদের মাঝে খাবার দিতে।’

দলীয় সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের ব্যানার এবং উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সরকারি হাসপাতালে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও এমন কর্মসূচি আয়োজনের বিষয়ে জানতে চাইলে ইমরান হাসান সিজান বলেন, ‘রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের পাশে থাকার দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাই।

প্রতিকূলতা যতই থাকুক, মানুষের পাশে থেকে আমাদের আদর্শিক অবস্থান অব্যাহত থাকবে।’
হাসপাতালে ছাত্রলীগ নেতার খাবার বিতরণের বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। হাসপাতালের অন্য কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘বিশেষ দিনে নিষিদ্ধঘোষিত সংগঠনের তৎপরতা রুখতে আমরা মাঠে কাজ করছি। সরকারি প্রতিষ্ঠানে খাবার বিতরণের বিষয়ে আমি অবগত নই।

স্বাস্থ্য কর্মকর্তা মহোদয়ও আমাকে এ বিষয়ে কিছু জানাননি।’