ধর্ম

ইথিওপিয়ায় ওয়াক্ফ উন্নয়নে নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসলামী ঐতিহ্য সংরক্ষণ, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি নিয়ে শিক্ষামূলক গবেষণা এবং ওয়াক্ফ সম্পদের টেকসই ব্যবস্থাপনাকে একই ছাতার নিচে নিয়ে আসতে ইথিওপিয়ায় প্রতিষ্ঠা করা হয়েছে নতুন গবেষণাকেন্দ্র। ইথিওপিয়ার জিম্মা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ‘আবু জাফর ওয়াক্ফ ও গবেষণা কেন্দ্র’ উদ্বোধন করেছেন ইথিওপিয়ার ইসলামী বিষয়ে সর্বোচ্চ পরিষদের সভাপতি ড. শেখ আলহাজ ইব্রাহিম তুফা।

নতুন গবেষণাকেন্দ্রের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইসলামী সম্পদ, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহিত করা। পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও পাণ্ডুলিপি সংগ্রহ, সংরক্ষণ, নথিবদ্ধকরণ এবং গবেষকদের জন্য সেগুলো সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে।

কেন্দ্রটির কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জেমা আবু জাফর রাষ্ট্রের ইতিহাস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ইসলামী ঐতিহ্য নিয়ে গবেষণা ও নথিবদ্ধকরণ। এ অঞ্চলের বিভিন্ন উৎস ও পাণ্ডুলিপি সংগ্রহ করে সেগুলো সংরক্ষণ ও গবেষণার আওতায় আনার মাধ্যমে ঐতিহাসিক তথ্যের হারিয়ে যাওয়া ঠেকানোর উদ্যোগ নেওয়া হবে।

ওয়াক্ফ ইসলামী সমাজব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই শুধু ঐতিহ্য সংরক্ষণ নয়, কেন্দ্রটির কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে ওয়াক্ফ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনাকেও। ইসলামী নীতিমালা অনুসরণ করে ওয়াক্ফ সম্পদের সঠিক ব্যবস্থাপনা, উন্নয়ন এবং জনকল্যাণে এর কার্যকর ব্যবহার নিয়ে কাজ করবে কেন্দ্রটি।