ধর্ম

বিশ্ব ক্যালিগ্রাফি দিবস রিয়াদে আরবি ক্যালিগ্রাফির নান্দনিক আয়োজন

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আরবি ক্যালিগ্রাফির শৈল্পিক সৌন্দর্য, ঐতিহ্য ও বুদ্ধিবৃত্তিক গুরুত্বকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নানা কর্মসূচি ও প্রদর্শনীর আয়োজন করছে রিয়াদের কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। প্রাচীন এই শিল্পকে কেন্দ্র করে লাইব্রেরির বিভিন্ন কার্যক্রমে যেমন আরব ঐতিহ্যের শিকড় স্পষ্ট হয়ে উঠেছে, তেমনি সমসাময়িক সংস্কৃতির সঙ্গে এর একটি সেতুবন্ধও তৈরি হচ্ছে।

প্রতি বছর ১৩ আগস্ট বিশ্ব ক্যালিগ্রাফি দিবস পালিত হয়। তাই দিনটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ দৃশ্যশিল্প হিসেবে আরবি ক্যালিগ্রাফির মর্যাদা ও বৈশিষ্ট্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ উপলক্ষে কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি আরবি হস্তলিপির সৌন্দর্য ও ঐতিহাসিক বিকাশকে সামনে রেখে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

কাগজ, কাপড় ও বস্ত্রের ওপর নান্দনিকভাবে অক্ষর বিন্যাস থেকে শুরু করে শিল্পকর্মে আরবি লিপির ব্যবহার, দেয়াল ও মসজিদের গম্বুজ অলংকরণ—বহুমাত্রিক সৃজনশীলতার মধ্য দিয়ে আরবি ক্যালিগ্রাফি যুগ যুগ ধরে তার স্বতন্ত্র সৌন্দর্য প্রকাশ করে আসছে।

লাইব্রেরির বিভিন্ন আয়োজন সেই ঐতিহ্যকেই নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে।
কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি আয়োজিত ‘বিশ্ব আরবি ক্যালিগ্রাফি প্রদর্শনী’তে আরবি ক্যালিগ্রাফির ইতিহাস, নান্দনিকতা ও শিল্পমূল্য নিয়ে ২০০টিরও বেশি বই প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রখ্যাত ক্যালিগ্রাফারদের বিভিন্ন শিল্পকর্মও এতে স্থান পায়। উন্নত ক্যালিগ্রাফারদের পাশাপাশি শিক্ষানবিশ ও আগ্রহী শিল্পীদের জন্য আয়োজন করা হয় ১৫টি কর্মশালা।

শিশুদের উৎসাহিত করতে অনুষ্ঠিত হয় তাৎক্ষণিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতাও। এমনকি ক্যালিগ্রাফির বিভিন্ন সরঞ্জাম বিক্রির জন্য রাখা হয় বিশেষ দোকান।
আরবি ক্যালিগ্রাফির সঙ্গে পবিত্র কোরআনের সম্পর্ক অত্যন্ত গভীর। কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরিতে বিভিন্ন যুগ ও অঞ্চলের ক্যালিগ্রাফিতে লেখা কোরআনের বিপুল সংগ্রহ রয়েছে। লাইব্রেরির সংগ্রহে ৩৫০টিরও বেশি কোরআনের পাণ্ডুলিপি রয়েছে, যার মধ্যে রয়েছে সোনালি অক্ষরে লেখা ও অলংকৃত দুর্লভ পাণ্ডুলিপিও।

এসব পাণ্ডুলিপিতে কোরআনের সুরা ও আয়াতের প্রান্তসজ্জা, অলংকারমূলক নকশা, ক্ষুদ্রচিত্র এবং বিভিন্ন ধরনের গিল্ডিং বা সোনালি অলংকরণের চমৎকার ব্যবহার দেখা যায়। নাসখ, কুফিক, থুলুথ, তিম্বুকতু ও সুদানি লিপিসহ বিভিন্ন শৈলীর পাশাপাশি লেভান্ট, ইরাক, মিসর ও ইয়েমেনের ক্যালিগ্রাফিক ঐতিহ্যেরও নিদর্শন রয়েছে।

আরবি ক্যালিগ্রাফি নিয়ে গবেষণা ও অধ্যয়নের জন্যও লাইব্রেরিটিতে রয়েছে বিশাল তথ্যভাণ্ডার। আরবি ক্যালিগ্রাফি ও এর শিল্পকলা সম্পর্কিত ৬ হাজার ৪৭৫টি বই রয়েছে সেখানে। গবেষক, শিক্ষার্থী ও ক্যালিগ্রাফিপ্রেমীদের জন্য এসব গ্রন্থ গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করছে। এ ছাড়া আরবি লেখনপদ্ধতির বিবর্তন ও বিভিন্ন লিপির বৈশিষ্ট্য নিয়ে লাইব্রেরি ‘লিখন সভ্যতা’ শিরোনামে একটি বইও প্রকাশ করেছে। এতে প্রাচীনকাল থেকে বিভিন্ন সময়ে লেখনশৈলীর পরিবর্তন ও বিকাশের চিত্র তুলে ধরা হয়েছে।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি।