সিল্কসিটিনিউজ ডেস্ক:
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে সোমবার (১০ আগস্ট)। এবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন।
তবে ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আসনসংকটের আশঙ্কা নেই। বরং সব শিক্ষার্থী পাস করলেও দেশের বিভিন্ন কলেজ ও মাদরাসায় বিপুলসংখ্যক আসন খালি থাকবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, সারা দেশের কলেজ ও মাদরাসাগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৬ লাখের বেশি। এর বিপরীতে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের কিছু বেশি।

ফলে সব পরীক্ষার্থী পাস করলেও উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য পর্যাপ্ত আসনের চেয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম থাকবে।
এদিকে পরীক্ষার প্রথম দিন দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরবর্তী পরীক্ষাগুলোতেও অনেকে অনুপস্থিত ছিল। অর্থাৎ ফরম পূরণ করলেও তাদের একটি অংশ শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি।
ফলে প্রকৃত পরীক্ষার্থীর সংখ্যা ফরম পূরণের সংখ্যার চেয়েও কম।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর একাদশ শ্রেণিতে কিছু আসন খালি থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে গত বছর পাসের হার তুলনামূলক কম হওয়ায় খালি আসনের সংখ্যা আরও বেড়েছিল। এবার কতসংখ্যক আসন খালি থাকবে, তা মূলত ফলাফলের ওপর নির্ভর করবে। পাসের হার বেশি হলে খালি আসন কমবে, আর পাসের হার কম হলে খালি আসনের সংখ্যা বাড়বে।
তবে আসন পর্যাপ্ত থাকলেও রাজধানী ঢাকা, বিভাগীয় শহর এবং দেশের বিভিন্ন জেলার নামি কলেজগুলোতে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা দিতে পারে। এসএসসি পাস করা অধিকাংশ শিক্ষার্থীর পছন্দের তালিকায় থাকে এসব কলেজ। ফলে ভর্তির আবেদনের বড় একটি অংশ হাতে গোনা কয়েকটি কলেজকে কেন্দ্র করে জমা পড়ে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শাখার এক কর্মকর্তা বলেন, অনেক সময় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও একাধিকবার আবেদন করেও পছন্দের কলেজে ভর্তির সুযোগ পায় না। এর অন্যতম কারণ, তারা পছন্দের তালিকায় একটি বা দুটি কলেজ রাখে। এসব কলেজে একই সময়ে বিপুলসংখ্যক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আবেদন করায় প্রতিযোগিতা তীব্র হয়।
তিনি বলেন, শুধু জিপিএ-৫ পাওয়াই ভর্তির নিশ্চয়তা দেয় না। একই ফল করা শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভিত্তিক নম্বরের পার্থক্যও বিবেচনায় আসে। ফলে যাদের বিষয়ভিত্তিক নম্বর বেশি, তারাই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত কলেজে ভর্তির সুযোগ পায়।
এ কারণে শিক্ষার্থীদের পছন্দক্রম দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ওই কর্মকর্তা। তার মতে, ভর্তির আবেদনে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখা হলে কাঙ্ক্ষিত কলেজ না পেলেও অন্য প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে।










