লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে বৈদ্যনাথপুর গ্রামের মোছাঃ জেসমিন নাহার (৪০) ডাচ-বাংলা ব্যাংক থেকে ১ লাখ ৮০ হাজার টাকা তুলে অটো ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন পাকা রাস্তায় মোটরবাইকে আসা দুই ছিনতাইকারী চলন্ত ভ্যান থেকে তাঁর টাকার ব্যাগটি টান মেরে ছিনিয়ে নেয়। এ ঘটনায় জেসমিন নাহার বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ মনিরুল ইসলাম জানান, নাটোরের পুলিশ সুপারের নির্দেশনায় ও লালপুর থানার ওসির তত্ত্বাবধানে (৬ আগস্ট) মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর বটতলা গ্রামের মোঃ সবুজ আলী (২০) এবং লালপুর উপজেলার ভাদুর বটতলা গ্রামের মোঃ সোহাগ আলীকে (১৯) গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।









