নাটোর

লালপুরে পারিবারিক কলহের জের গৃহকর্তার আত্মহত্যা

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০২৬২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে পারিবারিক কলহ ও অশান্তির জেরে গলায় তার পেঁচিয়ে মোঃ ফরিদ উদ্দিন (৪১) নামের এক গৃহকর্তা আত্মহত্যা করেছেন। গত বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতের কোনো একসময়ে উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান উত্তরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ফরিদ উদ্দিন রাতের খাবার শেষ করে স্ত্রীর সাথে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। পরে রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী মোছাঃ মুনজুরা বেগম (৩৩) ঘুম থেকে উঠে ঘরের লাইট জ্বালালে স্বামীকে টিনের ঘরের আড়ার (ডাসা) সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ফরিদ উদ্দিন ঘরে থাকা অটো ভ্যান চার্জ দেওয়ার বিআরবি (BRB) তার গলায় পেঁচিয়ে ফাঁস দেন। এ সময় স্ত্রীর চিৎকার শুনে আশপাশের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে মৃত অবস্থায় নিচে নামান।

খবর পেয়ে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই পরিবারটিতে অভ্যন্তরীণ কলহ ও মানসিক অশান্তি চলছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক সেই অশান্তির জের ধরেই ফরিদ উদ্দিন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনার সময় স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে ছিলেন।

লালপুর থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।