নাটোর

লালপুরে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০২৬১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) রাত পৌনে বারোটার দিকে লালপুর থানার এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিলমাড়ীয়া-ভেল্লাবাড়িয়া সড়কের মহারাজপুর শ্মশান সংলগ্ন ব্রিজের ওপর এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— চক নাজিরপুর গ্রামের মোঃ আজিম আলী (২৬), কেশবপুর গ্রামের মোঃ মনোয়ার হোসেন (৩২) এবং মোঃ ফরহাদ আলী (২২)।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে ৫ গ্রাম ওজনের ৫০ পিস ইয়াবা, ১টি বাটন মোবাইল, ২টি স্মার্টফোন ও ১টি ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।