নাটোর

লালপুরে খামারের চারপাশে ‘বিদ্যুতের ফাঁদ’: প্রাণ গেল বৃদ্ধের, মালিকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৬২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলায় মুরগির খামারে দেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে সিহাব আলী (৫৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চোর ও বন্য প্রাণীর উপদ্রব ঠেকাতে খামারের চারপাশে দেওয়া জিআই তারে এই বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। এই ঘটনায় খামার মালিকের বিরুদ্ধে লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিহত সিহাব আলী উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ছফের প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মোঃ আসলাম হোসেন (৫৫) তাঁর মুরগির খামারে শিয়াল, বেজি ও চোরের উপদ্রব ঠেকাতে চারপাশ দিয়ে জিআই তারের বেড়া দেন। তবে নিরাপত্তার নামে তিনি ওই বেড়াতে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। গত ২৭ জুলাই (সোমবার) রাত আনুমানিক ১০টার দিকে সিহাব আলী নিজ বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেননি।

পরদিন ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল আনুমানিক ৬টার দিকে খামার মালিকের ছেলে মোঃ রায়হান আলী খামারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে যান। এ সময় তিনি খামারের উত্তর পাশে বিদ্যুতায়িত জিআই তারের সাথে জড়ানো অবস্থায় সিহাব আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন ছুটে এসে লাশটি উদ্ধার করেন।

খবর পেয়ে লালপুর থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। ঘটনার পর নিহত সিহাব আলীর ছেলে মোঃ সোহান আলী (৩০) বাদী হয়ে লালপুর থানায় একটি এজাহার দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে খামার মালিক আসলাম হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছে লালপুর থানা পুলিশ।