পাবনা

একতা এক্সপ্রেসের ২ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত নগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে দুর্ঘটনার পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের আগেই ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দ্রুত লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।