সিল্কসিটিনিউজ ডেস্ক :
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَ حَرٰمٌ عَلٰی قَرۡیَۃٍ اَهۡلَكۡنٰهَاۤ اَنَّهُمۡ لَا یَرۡجِعُوۡنَ

সরল অনুবাদ :
‘আর আমি যে জনপদকে ধ্বংস করেছি তার অধিবাসীরা আর ফিরে আসবে না এটাই অপরিহার্য।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৯৫)
সংক্ষিপ্ত ব্যাখ্যা
আয়াতে حَرَام এর অর্থ অপরিহার্য, জরুরি বা নিষেধাজ্ঞা।
অর্থ্যাৎ যে জনদপকে আমি ধ্বংস করেছি, তার পৃথিবীতে ফিরে আসা অসম্ভব। (তাফসিরে আহসানুল বায়ান)
এ আয়াতটির কয়েকটি অর্থ হতে পারে, যথা—
এক. যে জাতির অন্যায় আচরণ, ব্যাভিচার, বাড়াবাড়ি ও সত্যের পথ নির্দেশনা থেকে দিনের পর দিন মুখ ফিরিয়ে নেয়া এত বেশি বেড়ে যায় যে, আল্লাহর পক্ষ থেকে তাকে ধ্বংস করার সিদ্ধান্ত হয়ে যায়, তাকে আবার ফিরে আসার ও তাওবা করার সুযোগ দেয়া হয় না। গোমরাহি থেকে হেদায়াতের দিকে ফিরে আসা তার পক্ষে আর সম্ভব হয় না। (ইবন কাসির)
দুই. যে জনপদ আমি আজাব দ্বারা ধ্বংস করেছি, তাদের কেউ যদি দুনিয়াতে এসে সৎকর্ম করতে চায়, তবে সেই সুযোগ সে পাবে না।
এরপর তো শুধু কেয়ামত দিবসের জীবনই হবে। আল্লাহর আদালতেই তার শুনানি হবে। (ইবন কাসির, সাদি)
তিন. এখানে ‘হারাম’ শব্দটি শরিয়ার দিক থেকে ‘অসম্ভব’ অর্থে ব্যবহৃত হয়েছে। তখন আয়াতের অর্থ দাঁড়ায়, যে জনপদ ও তার অধিবাসীদের আমরা ধ্বংস করে দিয়েছি, তাদের কোনো আমল কবুল করা অসম্ভব।
(কুরতবি, তাফসিরে জাকারিয়া)
শিক্ষা ও বিধান
১. আল্লাহর ফয়সালা চূড়ান্ত ও অপরিবর্তনীয়। যে জাতির ওপর আল্লাহর আজাব অবতীর্ণ হয়ে ধ্বংস নেমে আসে, তাদের জন্য সেই সিদ্ধান্ত আর পরিবর্তিত হয় না।
২. দুনিয়ায় দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ নেই। মৃত্যুর পর মানুষ আবার দুনিয়ায় ফিরে এসে আমল করার সুযোগ পাবে না। তাই জীবিত অবস্থাতেই তওবা ও নেক আমল করতে হবে।
৩. অবাধ্যতার পরিণতি ভয়াবহ। পূর্ববর্তী বহু জাতি নবীদের অমান্য করা, কুফরি ও সীমালঙ্ঘনের কারণে ধ্বংস হয়েছে। এ আয়াত তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানায়।
৪. তওবার সুযোগ জীবদ্দশাতেই। আজাব নেমে আসার আগে কিংবা মৃত্যুর পূর্ব পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। কিন্তু আজাব এসে গেলে বা মৃত্যু উপস্থিত হলে আর সুযোগ থাকে না।
৫. ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। কোরআনে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ঘটনা শুধু গল্প নয়; বরং পরবর্তী মানুষের জন্য সতর্কবার্তা ও শিক্ষা।
৬. আল্লাহর আজাব হালকাভাবে নেওয়া উচিত নয়। যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে তাঁর সতর্কবার্তাকে উপেক্ষা করে, তাদের জন্য এ আয়াতে কঠোর সতর্কতা রয়েছে।









