সিল্কসিটিনিউজ ডেস্ক :
টাঙ্গাইলের মির্জাপুরে কয়েকটি ইটভাটার চিমনির ধোঁয়ায় শত শত একর জমির বোরো ধান পুড়ে গেছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে কৃষক মঞ্জুর আলম, ইউপি সদস্য গোপাল মিয়া ও সাবেক ইউপি সদস্য দরবেশ আলী বক্তব্য দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব নিচে নেমে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আশ্বাস দেন।

তিনি কৃষি বিভাগকে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্ট বহুরিয়া, বহুরিয়া চড়াপাড়া, বুধিরপাড়া, মন্দিরাপাড়া এবং ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় ও ভাওড়া গ্রামে ৫২টি প্রকল্পের আওতায় প্রায় ৫০০ একর জমিতে বোরো ধান আবাদ করা হয়। প্রতি প্রকল্পে ৮ থেকে ১৪ একর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে কোথাও ধান পাকা শুরু করেছে, কোথাও শীষ বের হচ্ছে।
আগামী ১৫ দিনের মধ্যে এসব ধান কাটার কথা ছিল।
সরেজমিনে দেখা যায়, গোড়াই ও বহুরিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে আবাদি জমির মাঝেই পাশাপাশি প্রায় ২৫টি ইটভাটা গড়ে উঠেছে। এসব ভাটার মধ্যে এফবিসি, আরইউবি, সান, হাদি ও এমএসটি ব্রিকসের কার্যক্রম রয়েছে। অভিযোগ রয়েছে, এসব ভাটা থেকে নির্গত ধোঁয়ার কারণে কয়েকটি গ্রামের প্রায় ৫০০ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধানগাছের পাতা লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে এবং নতুন শীষ সাদা হয়ে যাচ্ছে।
কোর্ট বহুরিয়া গ্রামের এক সাবেক ইউপি সদস্য বলেন, তার প্রকল্পের প্রায় ৬ একর জমির ধান পুড়ে গেছে। গত কয়েক দিনের বৃষ্টির কারণে ক্ষতির বিষয়টি আগে বোঝা যায়নি, এখন ধীরে ধীরে গাছ শুকিয়ে যাচ্ছে।
মন্দিরাপাড়া গ্রামের আব্দুর রশিদ জানান, তাঁর ৭ একর এবং জসিমের ৩ একর জমির ধান নষ্ট হয়েছে।
বুধিরপাড়া গ্রামের বিধবা ফাহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ৫০ শতাংশ জমির ধানেই আমার সারা বছরের খাবার চলে।
এবার সব পুড়ে গেছে। সন্তানদের নিয়ে কীভাবে চলব, জানি না।
একই গ্রামের মান্নান শিকদার (৬০ শতাংশ), আলমাছ (৫৬ শতাংশ), লিটন মোল্লা (৬০০ শতাংশ) ও আব্দুল মান্নান (১০ একর) জমির ধান নষ্ট হওয়ার অভিযোগ করেন।
এফবিসি ব্রিকসের মালিক আকবর হোসেন বলেন, তাদের ভাটার ধোঁয়া দুই সপ্তাহ আগে ছাড়া হয়েছে, অথচ কৃষকদের ক্ষতি হয়েছে সাম্প্রতিক কয়েক দিনে। তিনি অন্য ভাটাগুলোর ধোঁয়ার কথাও উল্লেখ করেন।
আরইউবি ব্রিকসের মালিক ইব্রাহিম মিয়া বলেন, একাধিক ভাটা বন্ধ করা হয়েছে এবং সেগুলোর ধোঁয়াও নির্গত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে ভাটা মালিকদের সংগঠনের পক্ষ থেকে আলোচনা চলছে।
হাদি ব্রিকসের মালিক স্বপন মিয়া জানান, কৃষকদের অভিযোগের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে সরেজমিন যাচাই করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে।










