সদ্য প্রকাশিত
কৃষি

বাগমারায় দু’ হাজার হেক্টর বোরো ধান হুমকির মুখে

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০১৭৩ মিনিট পড়া
বাগমারায় দু’ হাজার হেক্টর বোরো ধান হুমকির মুখে

শামীম রেজা:
রাজশাহীর বাগমারায় অসময়ে বৃষ্টি ও বারনই নদীতে রাবার ড্রামের গেজ মাত্রা উপরে থাকায় মওসুমের আধা পাকা দু’ হাজার হেক্টর বোরো ধান হুমকির মুখে পড়েছে। ধান বাঁচাতে কৃষকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে কোন প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। সারা বছরের পর পরিশ্রমের স্বপ্নের ফসল পানিতে ডুবার আশঙ্কায় এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

জানা যায়, এই এলাকার লোক কৃষির উপর নির্ভরশীল। গত মওসুমে বোরো ও আউস ধানের ফলন বিপর্যয়ে বিপক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এবারে এলাকায় অনেক বেশী জমিতে বোরো আবাদ করা হয়েছে। আগাম জাতের ধান পেকে উঠেছে। কিন্তু হঠাৎ করে গত কয়েক দিনের অসময়ের বৃষ্টির পানিতে খাল, বিল নদী ভরে উঠে। এতে উপজেরার বিভিন্ন বিলের নিন্ম এলাকার উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

এছাড়া বাগমারার ভাটিতে নলডাঙ্গার নিকটে কামারখালি এলাকায় নদীতে রাবার ড্রামের বাঁধ থাকায় নদীর পানি ভাটিতে না যেতে পেরে বিলে প্রবেশ করছে। নদী অপেক্ষায় বিলগুলো নীচু থাকায় বিলে চাষকৃত দু’হাজারের অধিক জমির আধা পাকা ধান পানিতে ডুবে যাচ্ছে বলে কৃষকরা দাবি করছেন।

 

স্থানীয় কৃষকরা অভিযোগ করে জানান, অধিকাংশ বিলের সুইচগেট গুলো অচল, এসব অচল ও ভাঙ্গা গেট দিয়ে বিলে পানি প্রবেশ করে ধান নষ্ট হচ্ছে। নদীতে রাবার ড্রামের কারণে অসময়ে অধিক বৃষ্টির পানিতে জলবদ্ধতায় বিলে শত শত জমির পাকা ধান ডুবে যাচ্ছে।

উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের কৃষক খাদিবুর রহমান, সাবের আলী, অছির উদ্দিন, আলতাফ হোসেন, আব্দুল মান্নান, জামেদুর রহমান, নন্দনপুর গ্রামের আব্দুল হালিম, সাইদুর রহমান, আশরাফুল ইসলাম, দেউলিয়া গ্রামের আমজাদ হোসেন ও শ্রীপুর ইউনিয়নের আলতাফ হোসেন, মুনজুর রহমানসহ বিভিন্ন এলাকার কৃষকরা জানান, এ সময় বারনই নদীতে বরাবার ড্রামের কারণে অসময়ের পানি নামতে পারছে না। ফলে নদীর পানি ফুলে উঠে বিলে প্রবেশ করে এলাকার পাকা ধান নষ্ট হচ্ছে। এছাড়া কোন কোন বিলে প্রভাবশালীরা সুইচ গেট বন্ধ করে মাছ চাষের নামে পানি বদ্ধ করে রেখেছে। তারা অভিযোগ করেন বিলে পানি বদ্ধতায় পাকা ধান নষ্ট হচ্ছে, যেনেও পানি নিস্কাশনের স্থানীয় প্রশাসনসহ কৃষি বিভাগ কোন ব্যবস্থা নিচ্ছেন না।

এক দিকে নদীর পানি ক্রমে ফুলে উঠে বিলে প্রবেশ করে ধান নষ্ট হচ্ছে। অপর দিকে বিলের পানি নদীতে না নামতে পেরে জলবদ্ধতা সৃষ্টিতে নীচের জমির ধান নষ্ট হতে বসেছে। এমতবস্থায় জরুরী ভিত্তিতে নদীর ও বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান এ বিষয়ে এ প্রতিবেদককে জানান, অসময়ে বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি, ধান পেকে উঠেছে, বিলের পানি নামার ব্যবস্থা জরুরী। এছাড়া নদীতে রাবার ড্রাম একটা নিদিষ্ট সময়ে পরিমিত অবস্থায় রাখার নিয়ম সেটার ব্যবস্থার প্রয়োজন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট রাবার ড্রাম পরিচালনা কমিটিদের সাথে জরুরী কথা বলে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

স/শ