আন্তর্জাতিক

সুদানে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, তিন বছরে নিহত ২ হাজারের বেশি

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রায় ২১৭টি হামলায় ২ হাজার ৫২ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ৮১০ জন আহত হয়েছেন। তিন বছরের যুদ্ধের পর দেশটির স্বাস্থ্য সংকট আরো গভীর হচ্ছে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, চলমান সংঘাতে সুদান এখন বড় ধরনের মানবিক সংকটে রয়েছে।

প্রায় ৩৪ মিলিয়ন মানুষের সহায়তা প্রয়োজন, যার মধ্যে ২১ মিলিয়ন মানুষের জরুরি চিকিৎসা দরকার। দেশটিতে অপুষ্টি ও রোগের প্রকোপও বেড়েছে। ম্যালেরিয়া, ডেঙ্গু, হামসহ বিভিন্ন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

ডব্লিউএইচও আরো জানায়, সুদানের প্রায় ৩৭ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র এখন বন্ধ।

ফলে অনেক মানুষ চিকিৎসা পাচ্ছে না।
সংস্থাটির প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস বলেছেন, যুদ্ধের কারণে মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

 

বিশেষ করে দারফুর অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে সাম্প্রতিক এক হাসপাতালে হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।

সংস্থাটি দ্রুত যুদ্ধ বন্ধ করা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

সূত্র : শাফাক নিউজ