সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় স্বাস্থ্যখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরানের জরুরি সেবা বিভাগ।
ইরানের জরুরি বিভাগের প্রধান জাফর মিয়াদফার জানিয়েছেন, এই হামলায় এখন পর্যন্ত ১১৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন।

তিনি মেহর নিউজ এজেন্সিকে বলেন, নিহতদের মধ্যে ৭৮ জন ছিলেন জরুরি বিভাগের কর্মী, যারা সরাসরি মাঠপর্যায়ে কাজ করছিলেন।
মিয়াদফার আরো জানান, হামলায় দেশের স্বাস্থ্যসেবা অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪০০টির বেশি চিকিৎসা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ৫৭টি জরুরি সেবা কেন্দ্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হাসপাতালে থাকা আহত ও স্বাস্থ্যকর্মীদের অবস্থা বর্তমানে উদ্বেগজনক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ৪৭টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে।
একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার এবং একটি সাগরভিত্তিক অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যায়।
সব মিলিয়ে, এই হামলায় ইরানের স্বাস্থ্য খাতে বড় ধরনের মানবিক ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।









