জাতীয়

৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাট এলাকায় ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভোলার মানুষের যোগাযোগ সহজ করতে কাঁচপুর-ইলিশা নৌপথে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরুর পর যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে এ নৌপথ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মানুষের এই সাড়া বিবেচনায় নিয়ে ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

ভোলাকে স্থায়ীভাবে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলার বিচ্ছিন্নতা দূর করার লক্ষ্যে কাজ করা হবে।

’
ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিস প্রসঙ্গে তিনি বলেন, এসব সেবা আরো যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে নৌযান চলাচল, আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে এসব রুটে যাত্রী বাড়বে। এতে সেবার মান উন্নয়নের পাশাপাশি লোকসানও কমানো সম্ভব হবে।

সড়ক যোগাযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে। নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও জনবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা।’

অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী ও পরিচালক (অর্থ) শেখ মো. নাসিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দক্ষিণাঞ্চলের উন্নয়নে যোগাযোগব্যবস্থায় সমতা আনার লক্ষ্যে গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর-ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি প্রতিদিন উভয় প্রান্ত থেকে চলাচল করছে। প্রতিটি যাত্রায় সময় লাগছে প্রায় আট ঘণ্টা।
কাঁচপুর থেকে সরাসরি ভোলার ইলিশা পর্যন্ত ফেরি যোগাযোগ চালু হওয়ায় ভোলার পণ্য ও যাত্রী পরিবহন আরো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি এ নৌপথ থেকে বিআইডব্লিউটিসির রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।