সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

৩০০ বিলিয়ন ডলারের তেল শোধনাগার হবে যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০২৬৩ মিনিট পড়া
৩০০ বিলিয়ন ডলারের তেল শোধনাগার হবে যুক্তরাষ্ট্রে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ বছর পর নতুন একটি তেল শোধনাগার নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে এই শোধনাগার নির্মাণ করা হবে এবং এতে ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিনিয়োগ থাকার ইঙ্গিত দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ নামের একটি প্রতিষ্ঠান টেক্সাসের ব্রাউনসভিলে যুক্তরাষ্ট্রের গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো নতুন তেল শোধনাগার নির্মাণ করতে যাচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় পর বড় পরিসরে নতুন শোধনাগার স্থাপনের উদ্যোগ।

ট্রাম্প তাঁর বার্তায় বলেন, এই প্রকল্পে প্রায় ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি দাবি করেন, নতুন এই শোধনাগার যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে, জ্বালানি উৎপাদন বাড়াবে এবং জাতীয় নিরাপত্তা জোরদার করতে সহায়তা করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ব্রাউনসভিল বন্দরে নির্মিত এই নতুন শোধনাগার মার্কিন বাজারে জ্বালানি সরবরাহ করবে, বৈশ্বিক বাজারে জ্বালানি রপ্তানির সুযোগ বাড়াবে এবং দক্ষিণ টেক্সাস অঞ্চলে হাজারো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তাঁর দাবি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটিকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন তেল শোধনাগার হিসেবে গড়ে তোলা হবে।

বিশ্লেষকদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন শোধনাগার নির্মাণের ঘোষণা তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

এদিকে এই বিনিয়োগের জন্য ভারতের অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ভারতের বৃহৎ বেসরকারি জ্বালানি কম্পানি রিলায়েন্স এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রিলায়েন্সের মালিক ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি। বর্তমানে রিলায়েন্স বিশ্বের অন্যতম বড় জ্বালানি কম্পানি। ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত প্রতিষ্ঠানটির তেল শোধনাগার কমপ্লেক্সকে বিশ্বের বৃহত্তম শোধনাগারগুলোর একটি হিসেবে ধরা হয়।

ফলে যুক্তরাষ্ট্রে নতুন শোধনাগার নির্মাণে এই কম্পানির সম্ভাব্য সম্পৃক্ততা আন্তর্জাতিক জ্বালানি খাতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে ট্রাম্প তাঁর ঘোষণায় ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের কথা উল্লেখ করলেও এই অর্থ পুরোপুরি নতুন শোধনাগার প্রকল্পের জন্য কি না, নাকি এটি বৃহত্তর কোনো জ্বালানি বিনিয়োগ চুক্তির অংশ তা স্পষ্ট করেননি। রিলায়েন্সের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রে রিলায়েন্সের বিনিয়োগের খবর ছড়িয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার মূল্য ১.৫ শতাংশ বেড়ে যায়। এতে একেকটি শেয়ার বিক্রি হয় এক হাজার ৪১০ রুপিতে। এই তেল শোধনাগারের মাধ্যমে দিনে এক লাখ ৬৮ হাজার ব্যারেল তেল (শেল অয়েল) উৎপাদন করতে পারবে। শেল অয়েল হলো এমন তেল, যা শক্ত শেল পাথরের ভেতরে আটকে থাকে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তা বের করতে হয়। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তেল শোধনাগারটির নির্মাণকাজ শুরু হতে পারে। বিশাল এই বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে অনেকটাই এগিয়ে যাবে ভারত। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের দাবি, এই বিনিয়োগকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা করেন রিলায়েন্সের নেতৃত্ব স্থানীয়রা। এই আলোচনার কারণে এক মাসের জন্য রাশিয়া থেকে তেল কেনার সুযোগ পায় ভারত। রাশিয়ার তেলভর্তি জাহাজগুলো এরই মধ্যে সমুদ্রে রয়েছে। সূত্র : রয়টার্স