ভ্রাম্যামান প্রতিনিধি:
সোনামসজিদ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ট্রাক চালক সোহেল ও আমদানিকারকের প্রতিনিধি মানিরুল গুরুতর আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোনামসজিদ শ্রমিক সমন্বয় কমিটির বন্দর বিষয়ক সম্পাদক মুখলেসুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, সোমবার দুপুর দেড়টার দিকে ট্রাক চালক সোহেল ১নম্বর গেট দিয়ে উশৃঙ্খল ভাবে গাড়ি নিয়ে বাইরে বের হচ্ছিল। এসময় মানিরুল প্রতিবাদ করলে চালক, হেলপার ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘন্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বন্দর পরিচালনাকারি বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের একজন কর্মকর্তা জানান, বন্দরের মধ্যে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করেই টানা কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। যার ফলেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, শ্রমিকদের উত্তেজনার কারণে বন্দর ব্যবহারকারী ভারতীয় ট্রাক চালক থেকে শুরু করে এর সহকারী ও বন্দর সংশি¬ষ্ট কর্মকর্তারা আতঙ্কের মধ্যে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার এসআই রাসেল জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স/শ









