
নিজস্ব প্রতিবেদক:
করোনা আতঙ্কে ঘরবন্দি রাজশাহী নগরবাসী।রাস্তাঘাটে নেই তেমন যানবাহন। ফলে দিনভর অনেকটাই ফাঁকা থাকছে নগরীর প্রধান প্রধান সড়কগুলো থেকে শুরু করে অলিগলির সড়কগুলো। কিন্তু নগরীর প্রধান প্রধান সড়কগুলোর ডিভাইডার গুলো এখন যেন ফুলে ফুলে ভরে উঠেছে।


বিশেষ করে সিএন্ডবি মোড় থেকে কোর্ট বাজার পর্যন্ত ডিভাইডারটি যেন সূর্যমুখী ফুলের আলোয় হাসছে রাতদিন। রাজশাহী নগরীর এই রোড ডিভাইডারটি (রোড বিভাজন) এখন ফুলে ফুলে ভরে উঠেছে। বড় বড় গোলাকার সূর্যমুখী ফুল গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে পথচারীদের।

রাজশাহী নগরীতে বহুদিন ধরেই ফুল গাছ লাগানো হচ্ছে রোড ডিভাইডারে। কিন্তু এই প্রথম সূর্যমুখী ফুলে সাজানো হয়েছে সিএন্ডবি থেকে কোর্ট বাজার পর্যন্ত এই ডিভাইডারটি। তাতেই যেন বাজিমাত।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, এটি ছিলো আমাদের ভিন্ন পরিকল্পনা। নগরবাসীকে একঘেয়েমি থেকে দূর করতে ভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে রোড ডিভাইডার। এতে করে যেমন পথচারীদের আকর্ষণ বাড়বে, তেমনি এই ফুলের সৌন্দর্যে বিভিন্ন জায়গা থেকে ফুলপ্রেমীরা এসে ভিড় করবেন। ফুলের বীজ বিক্রি করে বাড়তি আয়ও করা যাবে। যা অন্য কোনো ফুলে সম্ভব নয়।
স/আর









