সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সুস্থ হয়েছেন সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
সুস্থ হয়েছেন সৌদি বাদশাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বুধবার ফুসফুসের প্রদাহজনিত সমস্যা থেকে সেরে উঠেছেন। সরকারি গণমাধ্যমে প্রচারিত রাজকীয় আদালতের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

এই ঘোষণার তিন দিন আগে জানানো হয়েছিল, ৮৮ বছর বয়সী বাদশাহ সালমানের ফুসফুসে সংক্রমণ হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এর আগে গত মে মাসে প্রথম জানা যায়, বাদশাহ সালমান ফুসফুসের সমস্যায় ভুগছেন, যার সঙ্গে ছিল জ্বর ও গিঁটের ব্যথার মতো উপসর্গ।

সে সময় তাকে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার কিছুদিন পরই তিনি সেরে উঠেছিলেন।

বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরবের সিংহাসনে আছেন। ২০১৭ সালে তার ছেলে যুবরাজ মুহাম্মদ বিন সালমান উত্তরাধিকার হিসেবে প্রথম স্থানে জায়গা করে নেন এবং তিনিই বর্তমানে সৌদি আরবের দৈনন্দিন শাসনের দায়িত্ব পালন করছেন।

বিশ্বের সর্ববৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব দীর্ঘদিন ধরে বাদশাহ সালমানের স্বাস্থ্যের বিষয়ে সব ধরনের জল্পনা-কল্পনা বন্ধের চেষ্টা করছে।

এদিকে যুবরাজ সালমান মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের সময় তার বাবার স্বাস্থ্যের বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন বলে সরকারি গণমাধ্যম জানিয়েছে। বাদশাহ সালমান সর্বশেষ ২৪ সেপ্টেম্বর মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন।

বাদশাহ সালমানের শাসনকালে সৌদি আরবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার হয়েছে, যার অধিকাংশই পরিচালিত হয়েছে তার ছেলের অধীনে।

যুবরাজ সালমান সৌদি আরবকে ভবিষ্যতে তেলনির্ভরতার বাইরে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন।

 

সূত্র: কালের কণ্ঠ