জাতীয়

সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা ২৩০ টন কয়লাবোঝাই একটি কার্গোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে কার্গোতে থাকা কয়লার স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন বনরক্ষীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন।
তবে কয়লার স্তূপের ভেতরে অতিরিক্ত তাপ থাকায় পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে কার্গো থেকে দ্রুত কয়লা খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

বন বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে ভোলা নদীতে নোঙর করে রাখা কার্গোটি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়।

পরে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভোলা নদী থেকে পাম্পের মাধ্যমে পানি ছিটিয়ে ধোঁয়া ও আগুন নিয়ন্ত্রণে আনেন।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব আলম জানান, কার্গোর নিচের অংশে কয়লার অতিরিক্ত চাপের তাপ থেকেই এই আগুনের সৃষ্টি হয়েছিল। পানি দিয়ে প্রাথমিক ধোঁয়া নিয়ন্ত্রণে আনা গেলেও কয়লার ভেতরের তাপের কারণে আবারও আগুন জ্বল ওঠার ঝুঁকি থেকে যায়। এ কারণে দ্রুততম সময়ে কয়লা খালি করার পরামর্শ দেওয়া হয়েছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি ও কার্গোর ক্ষতি এড়াতে দ্রুত কয়লা খালাসের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, গত ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ২৩০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই এই মিনি কার্গোসহ নয়জনকে আটক করা হয়েছিল।

 

তদন্তে জানা যায়, আসামিরা মোংলার জয়মনি এলাকার একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করে নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে পাচারের চেষ্টা করছিলেন। কয়লা পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং আটক নয় আসামি বাগেরহাট কারাগারে রয়েছেন।